ময়মনসিংহ নগরীতে মো. সুরুজ জামান নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মেহেদী (৩১)। সোমবার (১৬ নভেম্বর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মুজিব মার্কেটে সুরুজ জামানকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি মধ্য বাড়েরা এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তার বড় ভাই বাবুল মিয়া একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সুরুজ জামান হত্যার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মেহেদীর বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। পরে গভীর রাতে উত্তেজিত লোকজন মেহেদীকে আটক করে গণপিটুনি দেন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মেহেদীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত মেহেদী ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, ‘গণপিটুনিতে একজন মারা গেছেন। এ ঘটনায় আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি।’
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর