• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ১১:০২ দুপুর

সরবরাহ বাড়ার আশায় কমল বিশ্ববাজারে তেলের দাম

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনায় সোমবার (১৬ নভেম্বর) কমেছে অপরিশোধিত তেলের দাম। মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন প্রায় যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরে আসায় সরবরাহ পরিস্থিতির উন্নতি হচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বন্দরগুলোর মধ্যে জ্বালানি পরিবহন সহজ করতে বিশেষ ছাড়ের মেয়াদ বাড়িয়েছে দেশটি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গ্রিনিচ মান সময় সোমবার রাত ১টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ কমে ৯৫ ডলার ৩৭ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ২৩ সেন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ কমে ৮৮ ডলার ৩৩ সেন্টে নেমে আসে।

এর আগের শুক্রবারও নিম্নমুখী অবস্থায় বাজার শেষ করে তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ ঘিরে ভূরাজনৈতিক ঝুঁকি কমার লক্ষণ দেখা দেওয়ায় বাজারে এর প্রভাব পড়ছে। যুদ্ধটি এখন নবম মাসে গড়িয়েছে। এর আগের সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই তেলের দাম যথাক্রমে ১৬ ও ১৩ শতাংশ কমেছিল।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) গত শুক্রবার জানিয়েছে, চলতি বছরের শেষ তিন মাসে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার চেয়ে বেশি হতে পারে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে প্রতিদিন গড়ে ১০ কোটি ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ হতে পারে। যা প্রত্যাশিত চাহিদার তুলনায় দৈনিক ১৭ লাখ ব্যারেল বেশি। এর আগে একই সময়ে তেলের সরবরাহে ঘাটতির আশঙ্কা করেছিল আইইএ।

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি দ্রুত স্বাভাবিক হচ্ছে। তবে বিশ্বজুড়ে তেলের চাহিদা একই গতিতে বাড়ছে না। জাহাজে হামলার ঘটনা অব্যাহত থাকলেও সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত শুরুর পর এবারই প্রথম ব্যবসায়ীরা তেলের ঘাটতির বদলে অতিরিক্ত সরবরাহের সম্ভাবনা নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবছেন। বাজারের মনোভাবেও এই পরিবর্তন স্পষ্ট হয়ে উঠেছে।

এদিকে গত মার্চে সদস্যদেশগুলোর জরুরি মজুত থেকে রেকর্ড পরিমাণ তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিল আইইএ। এর বাকি অংশ কীভাবে সরবরাহ করা হবে, সে বিষয়েও বিস্তারিত জানিয়েছে সংস্থাটি। আইইএ বলেছে, আগামী ফেব্রুয়ারির শেষ নাগাদ আরও ৭ কোটি ১০ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়া হবে। এর মধ্যে ১ কোটি ৫০ লাখ ব্যারেল ডিজেল। বাজারে জ্বালানির সরবরাহ বাড়িয়ে সংকটের চাপ কমানোই এ উদ্যোগের লক্ষ্য।

তেলের দামে চাপ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের একটি সিদ্ধান্তও। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোন্স অ্যাক্টের বিশেষ ছাড় আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছেন। এ আইনে যুক্তরাষ্ট্রের এক বন্দর থেকে অন্য বন্দরে পণ্য পরিবহনের ক্ষেত্রে সাধারণত মার্কিন পতাকাবাহী জাহাজ ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। ছাড়ের ফলে বিদেশি পতাকাবাহী জাহাজও দেশটির বন্দরগুলোর মধ্যে তেল, পেট্রল ও ডিজেলের মতো জ্বালানি পরিবহন করতে পারবে। এতে জ্বালানি পরিবহনে ব্যবহারের জন্য আরও বেশি জাহাজ পাওয়া যাবে।

তবে সরবরাহ বাড়ার সম্ভাবনা থাকলেও তেলের দাম আরও কমে যাওয়ার নিশ্চয়তা নেই। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনে জাহাজগুলোর ঝুঁকি এবং এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তরের কাজে অনেক জাহাজ আটকে থাকায় পরিবহন ব্যয় এখনো বেশি। ফলে সরবরাহ পরিস্থিতির উন্নতি হলেও বাজারে কিছুটা মূল্যচাপ বজায় থাকতে পারে।

সূত্র: রয়টার্স

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]