দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। কোন ইউনিয়নে কবে নির্বাচন হবে, সেই তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, পঞ্চম ধাপে ইচ্ছা করেই ইউনিয়নের সংখ্যা কম রাখা হয়েছে। এর মধ্যে আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নের নির্বাচন আটকে আছে, সেগুলো পরে এ ধাপে সমন্বয় করা যাবে।
পাঁচ ধাপে নির্বাচনের পরিকল্পিত সংখ্যা তুলে ধরে তিনি বলেন, প্রথম ধাপে ১৩১টি উপজেলায় ১ হাজার ২৬টি ইউনিয়নে নির্বাচন হবে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলায় ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলায় ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলায় ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলায় ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ‘এটা হচ্ছে আমাদের পরিকল্পিত আপনার ধাপ এবং সংখ্যা এবং এটার স্পেসিফিক নামগুলো আগামী বৃহস্পতিবারে ওয়েবসাইটের মাধ্যমে সবাই জেনে যাবেন।’
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ডিসেম্বরে বিষয়ে তিনি বলেন, আগামী ১০ ডিসেম্বরের আগেই এ সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে। জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেভাবে সংলাপ হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেও একইভাবে আলোচনা করতে চায় কমিশন।
প্রথম ধাপের নির্বাচন আয়োজনের সময়সূচি প্রসঙ্গে সানাউল্লাহ বলেন, ‘ধরে নেন যদি প্রথম ধাপের নির্বাচন তো আমরা বলে দিয়েছি যে ২১শে জানুয়ারি, তার থেকে প্লাস-মাইনাস ৫০ দিন এটা জেলা নির্বাচন কর্মকর্তারা ঘোষণা করবেন।’
স্থানীয় সরকার নির্বাচনের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, ‘আমরা মনে করি না যে স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রভাব ফেলবে। স্থানীয় সরকার নির্বাচন বরং আইন-শৃঙ্খলা কোনো কোনো ক্ষেত্রে ভালো রাখতে সহায়তা করবে।’
নির্বাচন আইন সংশোধনের বিষয়ে কমিশনের সুপারিশ থাকলেও আসন্ন নির্বাচন বিদ্যমান আইন অনুযায়ী হবে কি না, জানতে চাইলে সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার দিন যে আইন কার্যকর থাকবে, সেই আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ‘অন দ্য ডে-যেদিন তফসিল ঘোষণা হবে সেদিন বিদ্যমান যে আইন থাকবে সেটা অনুযায়ী নির্বাচন হবে।’
স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এসেছে কি না, জানতে চাইলে সানাউল্লাহ বলেন, এ ধরনের কোনো দাবি এখনো কমিশনের কাছে আসেনি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত আমার মনে হয় না কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের আলোচনা হয়েছে বা এ ধরনের কোনো দাবি আমাদের কাছে এসেছে। জাতীয় নির্বাচন নিয়ে কথা হয়েছিল এবং আমরা যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা ডেপ্লয় করব।
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখা এবং সুষ্ঠুভাবে ভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ততা ও কার্যকারিতা বিবেচনা করবে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট বাহিনী কোনো এলাকায় কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছে কি না এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পারছে কি না, তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এনআইডি স্মার্ট কার্ড ছাপায় সফটওয়্যার জটিলতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন,‘এনআইডি কার্ড প্রিন্ট তো বন্ধ নাই, স্মার্ট কার্ড প্রিন্ট বন্ধ নাই। স্মার্ট কার্ডের ওখানে আমাদের গত চার-পাঁচ দিন ধরে একটা সফটওয়্যার সমস্যা করছে, সেটারই স্বরূপ নিরূপণ করা হচ্ছে।’
তিনি বলেন, সফটওয়্যারের সমস্যা সমাধানের কাজ চলছে। আশা করা হচ্ছে, যেকোনো সময় এটি ঠিক হয়ে যাবে। তবে কারও এনআইডি সেবা বন্ধ নেই। কারও এনআইডি অনুমোদিত হলে তিনি নিজেই ওয়েবসাইটে গিয়ে সেটি প্রিন্ট করে ল্যামিনেট করে ব্যবহার করতে পারবেন।
এনআইডি সেবার চুক্তি নবায়ন না হওয়া এবং অতীতের অডিট আপত্তি নিয়েও কমিশন সভায় আলোচনা হয়েছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তা নবায়ন করা হয়নি। এর মধ্যে একটি অডিট আপত্তিও অনিষ্পন্ন রয়েছে। এ অবস্থায় কীভাবে কাজ চালিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা করছে কমিশন।
সানাউল্লাহ বলেন, ‘এই মুহূর্তে আমাদের চুক্তিহীন অবস্থায় কিছু কাজ আছে। সেগুলোকে কীভাবে সমস্যার সমাধান করা যায়—এটা দীর্ঘদিনের সমস্যা, আমরা সমাধান করার চেষ্টা করছি যাতে করে আমাদের কার্ডটা ফুল স্কেলে প্রিন্ট করা যায়।’
এনআইডি সেবা একটি জাতীয় সেবা হওয়ায় তা বন্ধ রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
ইভিএম নিষ্পত্তির বিষয়ে তিনি বলেন,নির্বাচনে আর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। সংরক্ষিত ইভিএমগুলো কীভাবে নিষ্পত্তি করা হবে, তা নির্ধারণে গঠিত কমিটির অগ্রগতি সম্পর্কে কমিশন সভায় আলোচনা হয়েছে।
সানাউল্লাহ বলেন, ‘এই ইভিএমগুলোর ডিসপোজালের ব্যাপারে একটা কমিটি ফর্ম করা হয়েছিল। সেই কমিটির কাজের অগ্রগতি সম্বন্ধে একটা ধারণা কমিশন আজকে গ্রহণ করেছেন।’
তিনি জানান, গাজীপুর থেকে এ কাজ শুরু করা হবে। সেখানে সবচেয়ে বেশি ইভিএম সংরক্ষিত রয়েছে। প্রথমে মাঠপর্যায়ের বিভিন্ন স্তরে ইভিএমের সংখ্যা ও অবস্থা নিরূপণ করা হবে। এরপর কমিটির সুপারিশ অনুযায়ী সেগুলো নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে।
ইভিএম নিয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, তদন্ত কমিশন এবং দুর্নীতি দমন কমিশনেও আলোচনা বা তদন্ত রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এসব প্রক্রিয়া নিষ্পত্তি হওয়ার পর ইভিএমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান।
ইভিএম নিষ্পত্তির একাধিক পদ্ধতি থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘ডিসপোজাল শুধু একটা পদ্ধতি নয়। দেয়ার আর মেনি ওয়েজ উই ক্যান ডিসপোজ। আমরা একটা সলিউশন খুঁজছি। আমাদের কমিটি যখন কাজ করে আমাদেরকে রেকমেন্ড করবে তখন বোঝা যাবে যে কোনটা আমরা অ্যাডপ্ট করব।
এনআইডি সেবা নিয়ে কর্মশালা
জাতীয় পরিচয়পত্র সেবার সব দিক নিয়ে আগামী ১৮ নভেম্বর একটি কর্মশালা আয়োজন করবে নির্বাচন কমিশন। সেখানে সেবাকে আরও সহজ ও জনবান্ধব করার পাশাপাশি সেবাগ্রহীতা এবং কমিশনের ভেতরে-বাইরে যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধানের বিষয়ে আলোচনা হবে।
তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে জাতীয় পরিচয়পত্র সেবাকে আরও কীভাবে সহজীকরণ করা যায়, জনবান্ধব করা যায়, পাশাপাশি যেসব সমস্যা দিয়ে আমরা প্রতিনিয়ত ফেস করে থাকি আমাদের ভেতরে এবং বাইরে সেগুলো কীভাবে নিরসন করা যায়, এই আলোকে আমরা ওয়ার্কশপটা অনুষ্ঠান করব আগামী পরশুদিন।’
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর