দেশে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে সংবাদমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া মোনামির ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের ভিডিও। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে মোনামি এ বিষয়ে বিস্তারিত লেখেন।
পোস্টে তিনি জানান, এক বন্ধুর শেয়ার করা একটি ভিডিও কেবল বন্ধুদের জন্য উন্মুক্ত ছিল। সেই ভিডিও তিনি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছিলেন। তার ধারণা ছিল, বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের কাছে ব্যক্তিগত পোস্টটি নিরাপদ থাকবে। কিন্তু ভিডিওটি সংবাদমাধ্যমে পাঠানোয় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ভিডিওটি সংবাদমাধ্যমে পাঠানো ব্যক্তির উদ্দেশে মোনামি লেখেন, ‘হয়তো কিছু অর্থ উপার্জনের জন্যই এমনটি করা হয়েছে। তবে আল্লাহর কাছে তার প্রার্থনা, তিনি যেন সম্মানজনক ও হালাল উপায়ে উপার্জনের পথ খুঁজে পান।’
নিজের নাচের বিষয়ে তিনি বলেন, তার বয়স বা শারীরিক গঠন নাচের জন্য আদর্শ কি না, তা নিয়ে তিনি চিন্তিত নন। একজন নৃত্যশিল্পীর জন্য নির্দিষ্ট বয়স বা শারীরিক গঠন অপরিহার্য—এমন ধারণার ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
নাচের ভিডিও প্রকাশ পেলে রাজনৈতিকভাবে বিদ্বেষী ব্যক্তিদের ট্রলের শিকার হতে পারেন, এমন আশঙ্কা তার ছিল। তবে তাতে বিচলিত হননি তিনি। কারণ, অনুষ্ঠানটি ছিল তার একমাত্র ভাইয়ের গায়ে হলুদ। ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তার অনেক দিনের।
পোস্টে মোনামি আরও লেখেন, ওই অনুষ্ঠানে নেচে তিনি কোনো লজ্জা বা বিব্রতবোধ করছেন না। নাচ ছিল তার আনন্দ প্রকাশের একটি মাধ্যম।
পোস্টের শেষে তিনি লেখেন, ‘একটার তো ভিডিও পেয়েছেন। ৫টায় নেচেছি। বেশ করেছি।’
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
অন্যান্য... এর সর্বশেষ খবর