বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদীর তীরবর্তী টেংরা গ্রামের একটি খালে জালে পেঁচানো অবস্থায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগের সহযোগিতায় সাপটিকে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের সদস্য টাইগার জাকির সাপটি উদ্ধার করেন।
টাইগার জাকির জানান, সকালে টেংরা গ্রামের ফার্মেসি ব্যবসায়ী আব্দুর রহিম তাঁকে খালে জালে পেঁচানো একটি অজগর থাকার খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন তিনি।
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ বলেন, জাকির হোসেন অজগরটি নিয়ে আসার পর তাৎক্ষণিকভাবে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়েছে।
পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের সমন্বয়কারী শফিকুল ইসলাম খোকন বলেন, জাকির দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় জীববৈচিত্র্য রক্ষায় কাজ করছেন। এর আগে তিনি প্রায় ২ হাজার অজগর উদ্ধার করেছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর