• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ০৬:৪১ বিকাল

ইরানের হামলায় ৬ সেনা নিহত, সামনে এলো নতুন তথ্য

ছবি: সংগৃহীত

কুয়েতে ইরানের হামলায় ছয় মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় পেন্টাগনের বিরুদ্ধে নিরাপত্তা ঘাটতির গুরুতর অভিযোগ উঠেছে। হামলার আগে সেনাদের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা না থাকার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সতর্ক করেছিলেন এক মার্কিন সেনা কর্মকর্তা। তবে তাঁর সেই উদ্বেগকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন হামলা থেকে বেঁচে যাওয়া ওই কর্মকর্তা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেনা কর্মকর্তা মেজর স্টিফেন রামসবটম দাবি করেছেন, নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা সম্পর্কে একাধিকবার সতর্ক করার পরও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁর অভিযোগ, যথাসময়ে প্রতিরক্ষাব্যবস্থা নেওয়া হলে হতাহতের সংখ্যা কমানো সম্ভব হতো।

সিএনএনের হাতে আসা অভিযোগপত্রের অনুলিপি অনুযায়ী, গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দিয়েছেন রামসবটম। এর আগে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে সিবিএস নিউজ।

রবিবার (১৫ নভেম্বর) সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে রামসবটম ১ মার্চের হামলাকে সেনাবাহিনী, সামরিক নেতৃত্ব এবং নিজের জন্যও ‘কৌশলগত ব্যর্থতা’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, যথাযথ পরিকল্পনার অভাব ছিল। এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন।

চলতি বছরের মার্চে কুয়েতের শুয়াইবা বন্দরে একটি অস্থায়ী সামরিক পরিচালনাকেন্দ্রে ইরানের হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর নিহত প্রথম মার্কিন সেনাসদস্য ছিলেন তাঁরা। ওই হামলায় রামসবটমসহ আরও কয়েক ডজন সেনা আহত হন।

রামসবটমের অভিযোগ, আকাশপথের হামলা থেকে সেনাদের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা না থাকার বিষয়টি তিনি একাধিক বৈঠকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছিলেন। কিন্তু তাঁকে আশ্বস্ত করে বলা হয়েছিল, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।

পরবর্তী সময়ে স্থাপনাটিতে ড্রোন প্রতিরোধব্যবস্থা পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও সেটি আর সেখানে পৌঁছায়নি। এমনকি ওই প্রতিরক্ষাব্যবস্থা পাঠানোর জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছিল কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, হামলার সময় স্থাপনাটিতে কোনো চিকিৎসক বা স্থায়ী চিকিৎসাকেন্দ্র ছিল না। জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেখানে ছিল মাত্র একটি অ্যাম্বুলেন্স। সিএনএনের একটি সূত্রের তথ্য অনুযায়ী, স্থাপনাটির চারপাশে কংক্রিটের প্রতিবন্ধকতা থাকলেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষার কার্যকর ব্যবস্থা ছিল না। এমনকি হামলার আগে সেনাদের সতর্ক করতে কোনো সাইরেনও বাজেনি।

তবে হামলার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন, স্থাপনাটি সুরক্ষিত ছিল। যদিও একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে সেখানে আঘাত হানতে সক্ষম হয়েছিল বলে স্বীকার করেন তিনি।

এ ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে গোপনীয় ব্রিফিংয়ে হাজির হওয়ার আহ্বান জানিয়েছেন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। একই সঙ্গে শুয়াইবা বন্দরের সামরিক স্থাপনাটির নিরাপত্তা নিয়ে তৈরি সব মূল্যায়ন প্রতিবেদনও চেয়েছেন তিনি।

এদিকে আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইরান যুদ্ধ পরিচালনায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্তৃত তদন্ত শুরুর প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা। এমন পরিস্থিতিতে কুয়েতে মার্কিন সেনাদের নিরাপত্তা ঘাটতি নিয়ে ওঠা অভিযোগ ওয়াশিংটনে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে।

সূত্র: আজা নিউজ

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]