ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশুর মৃত্যুর জন্য দুই মার্কিন নৌ কর্মকর্তাকে দায়ী করেছে তেহরান। এবার ওই দুই কর্মকর্তার নাম ও ছবি প্রকাশ করে প্রকাশ্যে হুমকি দিয়েছে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে দূতাবাস বলেছে, ‘আমরা তোমাদের খুঁজে বের করব।’
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মিনাবের ওই প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হয়েছে বলে দাবি করেছে ইরান। এ ঘটনায় মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস স্প্রুয়েন্সের কমান্ডিং অফিসার কমান্ডার লেই আর টেট এবং জাহাজটির নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জেফরি ই ইয়র্ককে দায়ী করছে তেহরান।
গত ১৩ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ওই দুই কর্মকর্তার ছবি প্রকাশ করে ইরানি দূতাবাস। সেখানে লেখা হয়, ‘আমরা তোমাদের খুঁজে বের করব।’
এর আগে গত ২৮ মার্চও এই দুই কর্মকর্তাকে লক্ষ্য করে পোস্ট দিয়েছিল দূতাবাস। ওই পোস্টে তাদের বিরুদ্ধে মিনাবের প্রাথমিক বিদ্যালয়ে আঘাত হানা টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়। পাশাপাশি লেখা হয়, ‘এই দুই অপরাধীকে মনে রাখুন।’ পোস্টে প্রশ্ন তোলা হয়, ‘তাদের কি নিজেদের সন্তান নেই?’
এদিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানসহ বিভিন্ন যুদ্ধকালীন কার্যক্রম শেষে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সান দিয়েগো বন্দরে ফিরেছে ইউএসএস স্প্রুয়েন্স। ৩৫৭ দিনের দীর্ঘ মোতায়েনকাল শেষে জাহাজটি বন্দরে ফেরে। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই কোনো মার্কিন ডেস্ট্রয়ারের দীর্ঘতম মোতায়েনকাল।
দুই মার্কিন কর্মকর্তার নাম ও ছবি প্রকাশ করে ইরানের এমন হুমকিকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা মহলের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন বিশ্লেষকেরা। ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের (এফডিডি) জ্যেষ্ঠ গবেষক বেহনাম বেন তালেব্লু ফক্স নিউজ ডিজিটালকে বলেন, ইরানের এই হুমকিকে ওয়াশিংটনের জন্য গুরুতর সতর্কবার্তা হিসেবে দেখা উচিত।
তিনি আরও বলেন, ‘এটি হোয়াইট হাউস, পেন্টাগন এমনকি সেন্টকমের জন্যও সতর্কসংকেত হওয়া উচিত।’
সূত্র: ফক্স নিউজ
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর