• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৯ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ০৭:১৪ বিকাল

মুশফিককে ছাড়িয়ে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক লিটন

ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন লিটন দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করে উইকেটকিপার-ব্যাটার হিসেবে দেশের হয়ে সর্বোচ্চ শতকের মালিক হয়েছেন তিনি। এ পথে পেছনে ফেলেছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে।

জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে পেসার মার্কো ইয়ানসেনের শর্ট বল পুল করে সীমানার বাইরে পাঠিয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান লিটন। ১৭৯ বলের ইনিংসে ১৪টি চার ও একটি ছক্কার সাহায্যে ১২০ রান করেন তিনি। এটি তাঁর টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি এবং উইকেটকিপার হিসেবে সপ্তম।

এর আগে উইকেটকিপার-ব্যাটার হিসেবে বাংলাদেশের হয়ে ছয়টি করে সেঞ্চুরি নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন লিটন ও মুশফিক। জোহানেসবার্গে শতক হাঁকিয়ে সেই অবস্থান থেকে এককভাবে শীর্ষে উঠে এসেছেন লিটন।

মজার বিষয় হলো, মুশফিকের চেয়ে কম টেস্ট খেলেই এই রেকর্ড গড়েছেন তিনি। উইকেটকিপার হিসেবে ৫৫ টেস্টে মুশফিকের সেঞ্চুরি ছয়টি। অন্যদিকে মাত্র ৪৯ টেস্টেই সাতটি শতক পূর্ণ করেছেন লিটন।

রানের হিসাবেও মুশফিকের কাছাকাছি পৌঁছে গেছেন বাংলাদেশের এই ব্যাটার। উইকেটকিপার হিসেবে মুশফিকের সংগ্রহ ৩ হাজার ৫১৫ রান। লিটনের রান ৩ হাজার ১১৭। অর্থাৎ এই বিভাগেও সাবেক অধিনায়ককে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে লিটনের এই অর্জন আরও তাৎপর্যপূর্ণ। ২০১৫ সালে টেস্ট অভিষেকের পর উইকেটকিপার হিসেবে সাতটি সেঞ্চুরি করেছেন তিনি। অন্যদিকে ২০১৮ সালে টেস্ট অভিষেক হওয়া ভারতের ঋষভ পান্তের সেঞ্চুরি আটটি। অভিষেকের পর থেকে উইকেটকিপার-ব্যাটার হিসেবে লিটনের চেয়ে বেশি শতক রয়েছে কেবল পান্তের।

টেস্ট ইতিহাসে উইকেটকিপার-ব্যাটার হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড অস্ট্রেলিয়ার সাবেক তারকা অ্যাডাম গিলক্রিস্টের। তাঁর শতকের সংখ্যা ১৭টি। দ্বিতীয় স্থানে থাকা জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের রয়েছে ১২টি।

এ ছাড়া আটটি করে সেঞ্চুরি করেছেন ভারতের ঋষভ পান্ত ও লিস আর্বার্ট জর্জ। সাতটি করে শতক নিয়ে তাঁদের পরের সারিতে রয়েছেন লিটন দাস, এবি ডি ভিলিয়ার্স, ম্যাট প্রিয়র, কুমার সাঙ্গাকারা ও বিজে ওয়াটলিং।

জোহানেসবার্গে লিটনের এই সেঞ্চুরি তাই কেবল ব্যক্তিগত অর্জন নয়, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসেও একটি উল্লেখযোগ্য সংযোজন। মুশফিককে ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছে দেশের উইকেটকিপার-ব্যাটারদের মধ্যে নিজের অবস্থান আরও দৃঢ় করলেন তিনি।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]