রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আজ ঘোষণা করবেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৭ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় ঘোষণা করা হবে।
এর আগে সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি গ্রহণ শেষে আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন। এক দিনেই উভয় পক্ষের শুনানি শেষ করে রায়ের দিন নির্ধারণের বিষয়টিকে দ্রুত বিচারপ্রক্রিয়ার ক্ষেত্রে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী, সৈয়দ ইজাজ কবির ও মেহেদী হাসান। অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।
মামলার বিবরণে জানা যায়, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ অনুযায়ী, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল রানা। পরে মরদেহ খণ্ডবিখণ্ড করে ফ্ল্যাটের শৌচাগারের জানালার গ্রিল কেটে পালিয়ে যান তিনি। ওই বাসা থেকেই তার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে পুলিশ। একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। বিচারিক কার্যক্রম শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
হাইকোর্টে শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি তুলে ধরে মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করে।
শুনানি শেষে সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, আসামি স্বেচ্ছায় দেওয়া জবানবন্দিতে শিশুটিকে ডেকে নিয়ে শৌচাগারের ভেতরে মুখ চেপে ধরে ধর্ষণ ও হত্যার বিবরণ দিয়েছেন। হত্যার পর মরদেহ খণ্ডবিখণ্ড করা এবং জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার কথাও স্বীকার করেছেন তিনি। এ ঘটনায় তার স্ত্রীও সহযোগিতা করেছেন বলে অভিযোগ করেছে রাষ্ট্রপক্ষ।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
আইন ও আদালত এর সর্বশেষ খবর