রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ শুনানি শুরু হয়। শুনানিতে অংশ নিতে কারাগারে থাকা ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামও উপস্থিত ছিলেন।
মামলার মোট ৪১ আসামির মধ্যে ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকি ৩০ জন পলাতক। বৃহস্পতিবার কারাগারে থাকা সব আসামিকেই ট্রাইব্যুনালে হাজির করা হয়।
শুনানির শুরুতে আসামিপক্ষের আইনজীবীরা মামলার কিছু প্রয়োজনীয় নথি না পাওয়ার বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আনেন। এ নিয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে বাদানুবাদ হয়। পরে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে শুনানি শুরু করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিবরণ তুলে ধরেন।
এরপর মামলায় অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষের বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে শুনানির কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।
মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ১১ আসামি হলেন—জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মণ্ডল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা।
পলাতক ৩০ আসামির মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
এ তালিকায় আরও রয়েছেন যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ এবং গণজাগরণ মঞ্চের সাবেক মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
এ ছাড়া পলাতক আসামিদের মধ্যে রয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, তৎকালীন র্যাব মহাপরিচালক মো. আসাদুজ্জামান, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শেখ মুহাম্মাদ মারুফ হাসান ও মাহবুব হোসেন, মনিরুল ইসলাম, সাবেক ডিআইজি হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার ও সৈয়দ নুরুল ইসলামসহ পুলিশের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
আইন ও আদালত এর সর্বশেষ খবর