• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০২:০২ দুপুর

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতেই হবে: তথ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। তাকে দেশে ফেরত আনতেই হবে এবং বাংলাদেশের আইন অনুযায়ী তার বিচার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, ‘সরকারের অবস্থানের বটম লাইন হচ্ছে, তাকে প্রত্যর্পণ করতে হবে। এটা আমি গত ব্রিফিংয়ে বলেছি, আমাদের অন্য মন্ত্রীরাও বলেছেন।’

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত কোনো শর্ত দেবে বলে তিনি বিশ্বাস করেন না জানিয়ে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে কোনো শর্ত নিয়ে আলোচনা হয়নি। ভারত থেকেও কোনো চাপ অনুভব করছে না বাংলাদেশ।

ভারতের একটি সংবাদমাধ্যমে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে দুটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সামরিকভাবে তাকে পাঠানো এবং নতুন করে বিচার বা আপিলের সুযোগ দেওয়া। এ বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, কোনো পত্রিকার প্রতিবেদনকে ভারত সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

তিনি বলেন, একটি রাষ্ট্র বা সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য না পেলে সেটির জবাব দেওয়ারও কোনো কারণ নেই। পররাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট সমন্বয়ক এ বিষয়ে কথা বলেছেন। সরকারের মধ্যে এ ধরনের কোনো আলোচনা নেই।

ভারতের পক্ষ থেকে বাংলাদেশ কোনো চাপ অনুভব করছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একেবারেই না, একেবারেই না।’

তথ্য উপদেষ্টা বলেন, ৫ আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশের বাস্তবতায় পরিবর্তন এসেছে। বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নেই। দেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। সব দেশের সঙ্গে নিজেদের প্রয়োজনের নিরিখে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার। তবে অন্যায় চাপ দিয়ে কোনো কিছু করানো যাবে না। বাংলাদেশ আলোচনা করতে চায়, কথা বলতে চায়। কিন্তু যেখানে আইনগতভাবে সঠিক অবস্থানে রয়েছে, সেখানে চাপ বা শর্ত মেনে নেওয়া হবে না।

শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদনে দুই দেশের চুক্তি অনুসরণ করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন করার সময় নিশ্চয়ই দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসরণ করেছে।

প্রত্যর্পণ চুক্তির বিভিন্ন ধারা, প্রয়োজনীয় পরিচয়সংক্রান্ত তথ্য এবং মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এসব বিষয় রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হবে। তবে শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইনেই হবে।

তিনি বলেন, বাংলাদেশের আইনে এ অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। আইনমন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনা আপিলের সুযোগও পাবেন না। এটি তার বাবার তৈরি করা আইন। সরকার সেই আইনই অনুসরণ করছে।

শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, সেটি ভিন্ন সম্ভাবনার বিষয় হিসেবে আগে উল্লেখ করা হয়েছিল বলে জানান জাহেদ উর রহমান। তবে গত সপ্তাহে সরকারের অবস্থান বিস্তারিত ও স্পষ্টভাবে জানানো হয়েছে। এ বিষয়ে সরকারের বক্তব্যে কোনো অসংগতি নেই বলেও দাবি করেন তিনি।

ব্রিফিংয়ে গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় আওয়ামী লীগের সম্পৃক্ততা ও দলটির নেতাকর্মীদের আত্মগোপনে থাকা নিয়েও প্রশ্ন করা হয়।

জবাবে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ কোনো ন্যায্য আন্দোলনের সুযোগ পেলে সেখানে নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করে। গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনটি ন্যায্য ছিল উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকেরা নিজেদের কষ্টের কথা জানাতে মাঠে নেমেছিলেন। কিন্তু সেই আন্দোলনেও আওয়ামী লীগ সুযোগ নেওয়ার চেষ্টা করেছে।

তিনি বলেন, এ ধরনের ঘটনা যেখানেই ঘটুক, সরকারকে তা সামাল দিতে হয়। আওয়ামী লীগের যেসব নেতাকর্মী বিভিন্ন জায়গায় চিহ্নিত হয়েছেন, তাঁদের বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে নজরদারি রয়েছে। সাঈদ খোকন কিংবা প্রজাতন্ত্রের কর্মচারীদের পোশাকে থাকা আওয়ামী লীগের সদস্যদের বিষয়েও সরকার অবগত।

জাহেদ উর রহমান বলেন, ‘আমি আপনাকে নিশ্চিত করি, আমরা দ্রুত এই জিনিসগুলো ম্যানেজ করতে পারব। এটা সরকারেরই অনেক বড় মাথাব্যথা। সরকার এটা করবে, নিশ্চিত।’

দীর্ঘমেয়াদি স্বৈরশাসনের পর গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হওয়া দেশগুলোর সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি তুলনা করার ক্ষেত্রেও সতর্ক থাকার আহ্বান জানান তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কা ও নেপালের সঙ্গে তুলনা করা ঠিক হবে না। কারণ, ওই দুই দেশে গণ-অভ্যুত্থানে সরকারের পতন হলেও সেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় ছিল এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়নি।

বাংলাদেশের পরিস্থিতি তিউনিসিয়া, মিসর, লিবিয়া ও ইয়েমেনের সঙ্গে তুলনা করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, ওই দেশগুলোর তুলনায় ভঙ্গুর ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। তবে দেশের ভঙ্গুরতা এখনো কাটেনি। পূর্ণাঙ্গভাবে কাজ করার মতো অবস্থায় যেতে আরও কিছুটা সময় প্রয়োজন।

এদিকে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রচারণা ও গুজব সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি করছে বলে সাংবাদিকেরা ব্রিফিংয়ে দৃষ্টি আকর্ষণ করেন। বিশেষ করে ১৯ নভেম্বর যানবাহন চলাচল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার মতো নানা তথ্য ছড়ানোর বিষয়ে প্রশ্ন করা হয়।

জবাবে জাহেদ উর রহমান বলেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের আলোচনা এখন খুব বেশি দেখা যাচ্ছে না। তবে মূলধারার গণমাধ্যমের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমের কাছাকাছি ধরনের আচরণ করছেন।

এ বিষয়ে নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট ব্যক্তিদের আবারও বলবেন বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা হিসেবে বিষয়টি পর্যবেক্ষণে রাখবেন বলেও উল্লেখ করেন।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]