সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি বলেছেন, একজন আইনজীবী পরিচয় দেওয়ার পরও তাকে তুলে নিয়ে রড দিয়ে পেটানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা করে দ্রুত বিচারের আওতায় আনা জরুরি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের বার ভবনে জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে শিশির মনির জানান, রাহেদুল ইসলাম রঞ্জুর সঙ্গে তার কথা হয়েছে। রঞ্জু তাকে জানিয়েছেন, হামলার আগে তিনি বারবার নিজের পরিচয় দিয়ে বলেছেন, ‘আমি অমুক নই, আমার নাম রঞ্জু। আপনি আমাকে চেনেন। আমি ফেসবুকে অ্যাক্টিভ। আমি লইয়ার্স কাউন্সিল এবং জামায়াতে ইসলামীর লোক।’ এরপরও তাকে সেখান থেকে বের করে নিয়ে রড দিয়ে পেটানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সরকারের উদ্দেশে শিশির মনির বলেন, ‘এ ধরনের অরাজক পরিস্থিতি বন্ধ করতে না পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটবে। সরকারের দায়িত্ব এ ধরনের ঘটনা প্রতিরোধ করা এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।’
তিনি বলেন, ‘সবাইকে সাক্ষী রেখে বলতে চাই, এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা প্রয়োজন। পাশাপাশি দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে আলাদা সংবাদ সম্মেলন করে অভিযুক্ত ব্যক্তির ছবি ও পরিচয় সুপ্রিম কোর্টের বিভিন্ন স্থানে টাঙিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া উচিত।’
শিশির মনির আরও বলেন, ‘সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে এভাবে অসম্মান করে কেউ পার পেয়ে গেলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠবে। আইনজীবীদের দায়িত্ব আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করা। অথচ যিনি এ ঘটনা ঘটিয়েছেন, তিনি নিজেই আইন হাতে তুলে নিয়েছেন।’
তিনি বলেন, ‘আইনজীবীরা কীভাবে প্রতিবাদ করতে জানেন, তা হয়তো ওই ব্যক্তির পক্ষে বোঝা সম্ভব নয়। আগামীকালই সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে অভিযুক্ত ব্যক্তিকে বিচারের আওতায় আনা সবার স্বার্থেই জরুরি।’
সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট হেলাল উদ্দিন অবিলম্বে রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি জানান। এ ছাড়া বক্তব্য দেন জামায়াত নেতা অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, অ্যাডভোকেট গোলাম রহমান ও অ্যাডভোকেট সাইফুর রহমানসহ অন্য আইনজীবীরা।
বক্তারা আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সাজু/নিএ
সর্বশেষ খবর