আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ আখ্যা দিয়ে দলটির সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পতিত ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তিতে পরিণত হওয়া আওয়ামী লীগ এখন টুঙ্গিপাড়ায় সীমাবদ্ধ হয়ে পড়েছে। সেখানে গিয়ে তারা কেবল থানায় হামলা করতে পারে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা একজন সংসদ সদস্যের বাড়িতে হামলা করেছেন। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দোকানপাটেও হামলা চালিয়েছেন। আগুন দেওয়া ও মানুষ পোড়ানো তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাতে সীমান্তের ওপার থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা বার্তা দিচ্ছেন। তাঁদের নির্দেশে গ্রামে গ্রামে গিয়ে আগুন দেওয়ার চেষ্টা চলছে।
তিনি বলেন, আওয়ামী লীগ কখনো প্রকৃত অর্থে রাজনীতি করেনি। তাদের মধ্যে গণতান্ত্রিক সংস্কৃতি নেই। সন্ত্রাস, অগ্নিসংযোগ, মানুষ হত্যা, গুম, জুলুম ও নির্যাতনের মাধ্যমে তারা রাজনীতি করেছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডে তাদের চরিত্র আবারও প্রকাশ পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, দলটি চায় সরকারও যেন তাদের মতো রাজপথে আন্দোলনকারীদের গুলি করে হত্যা করে। কিন্তু বর্তমান সরকার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাসী।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাজপথে আন্দোলনকারীদের গুলি করে হত্যা করার দৃশ্য জনগণ আর দেখতে চায় না।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর