• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ রাত

ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ করে আ.লীগ: আখতার হোসেন

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদী আচরণ করে, আর ক্ষমতার বাইরে গেলে নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসের পথ বেছে নেয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাঁর দণ্ড কার্যকরে সরকারের কূটনৈতিক উদ্যোগের অভাব রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আখতার হোসেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, তখন তারা ফ্যাসিবাদ। আর যখন ক্ষমতার বাইরে থাকে, তখন তারা নাশকতাবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ে। এখন তারা সেই সন্ত্রাসী কর্মকাণ্ডই করছে।’

আওয়ামী লীগ সরকারের আমলে গুম, নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, ২০২৪ সালের আগে ক্ষমতায় থাকাকালে দলটি আয়নাঘর প্রতিষ্ঠা করে মানুষকে গুম ও নির্যাতন করেছে। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা এবং মুজিববিরোধী আন্দোলনের সময়কার হত্যাকাণ্ডের প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।

আখতার হোসেন আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় অল্প সময়ের মধ্যে বহু মানুষকে গুম, খুন ও হত্যার শিকার হতে হয়েছে। গণঅভ্যুত্থানের পরও আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে নাশকতা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনা নিজে দেশে ফিরবেন কি না, সেটি মূল বিষয় নয়। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফিরিয়ে এনে আদালতের দেওয়া দণ্ড কার্যকর করার দায়িত্ব সরকারের।

তিনি বলেন, ‘আজকের এই দিনে ঠিক এক বছর আগে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করা হয়েছিল। এক বছর পেরিয়ে গেছে, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণেরও নয় মাস হয়েছে। কিন্তু এখনো শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার কার্যকরের কোনো পদক্ষেপ সরকার নিতে পারেনি। আমরা এটিকে সরকারের কূটনৈতিক ব্যর্থতা হিসেবে দেখি।’

ভারতের ভূমিকা নিয়েও সমালোচনা করেন এনসিপির সদস্যসচিব। তাঁর অভিযোগ, ভারত সরকার আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরির সুযোগ দিচ্ছে, যা আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী।

ভারত সরকারের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার প্রতি সমর্থনের অবস্থান থেকে ভারতকে সরে আসতে হবে। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দেশটিকে গুরুত্ব দিতে হবে।

এ সময় টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক কামরুজ্জামান শাওন, সদস্যসচিব মাসুদুর রহমান রাসেলসহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]