• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
মো. আব্দুল্লাহ হক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৯:২০ সকাল

বয়সের অসংগতি: স্বামীর সংসার ছেড়ে বাবার কাছে ফিরতে হলো দশম শ্রেণির শিক্ষার্থীকে

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কাবিননামায় বয়স ১৯ বছর, অথচ জন্মনিবন্ধন সনদে ১৭। বয়সের দুই রকম তথ্যের জটিলতায় শেষ পর্যন্ত স্বামীর সংসার ছেড়ে বাবার সঙ্গে ফিরে যেতে হলো দর্শনার দশম শ্রেণির শিক্ষার্থী জিনিয়াকে। স্বামীর কাছে থাকার ইচ্ছা প্রকাশ করেও শেষ রক্ষা হয়নি তার। দুই পরিবারের মধ্যে সমঝোতার পর কান্নায় ভেঙে পড়া জিনিয়াকে বাবার হাতে তুলে দেওয়া হয়। একপর্যায়ে বাবার সঙ্গে যেতে না চাইলেও তাকে গাড়িতে তুলে নেওয়া হয়। এ দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন রিঙ্কুর নিজস্ব কার্যালয়ে দুই পক্ষের আলোচনার মাধ্যমে এ সমঝোতা হয়। ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে সমঝোতা সম্পন্ন হওয়ার পর জিনিয়াকে তার বাবা জসিম উদ্দিনের হাতে তুলে দেওয়া হয়। তবে বাবার সঙ্গে যেতে রাজি ছিল না জিনিয়া। কান্নাকাটি করলেও শেষ পর্যন্ত তাকে বাবার গাড়িতে উঠতে হয়।

এদিকে জিনিয়ার স্বামী শাওনের দাবি, জিনিয়া তার বিবাহিত স্ত্রী। তাকে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই তার। শাওন বলেন, ‘বিয়ে করেছি ছেড়ে দেওয়ার জন্য নয়। সে আমার কাছে ফিরে আসবে।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জিনিয়া দাবি করেছিল, তাকে কেউ অপহরণ করেনি বা জোর করে নিয়ে যায়নি। সে স্বেচ্ছায় শাওনের সঙ্গে রয়েছে এবং স্বামীকে নিয়ে সংসার করতে চায়। তবে বাবা-মা মেনে নিলে তাদের কাছে যাওয়ার কথাও জানিয়েছিল সে।

অন্যদিকে জিনিয়ার বাবা জসিম উদ্দিনের অভিযোগ, গত ১২ নভেম্বর পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দর্শনা বালিকা বিদ্যালয়-সংলগ্ন এলাকা থেকে শাওনসহ কয়েকজন তার মেয়েকে অস্ত্রের মুখে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এ ঘটনায় তিনি দর্শনা থানায় লিখিত অভিযোগ করেন।

জিনিয়া দর্শনা সীমান্তবর্তী জয়রনগর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে এবং দর্শনা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। শাওনের স্বজনদের পাঠানো কাবিননামায় জিনিয়ার বয়স ১৯ বছর উল্লেখ করা হয়েছে। কিন্তু তার জন্মনিবন্ধন সনদ অনুযায়ী বয়স ১৭ বছর। বয়সের এই অসংগতিই ঘটনাটিকে নতুন করে আলোচনায় এনেছে।

দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন রিঙ্কু বলেন, দুই পরিবারের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধানের চেষ্টা করা হয়েছে। উভয় পক্ষের সম্মতিতে ৩০০ টাকার স্ট্যাম্পে সমঝোতা হয়েছে এবং জিনিয়াকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এর আগে জানিয়েছিলেন, মেয়েটিকে নিয়ে যাওয়ার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

কাবিননামায় প্রাপ্তবয়স্ক দেখানো হলেও জন্মনিবন্ধনে অপ্রাপ্তবয়স্ক। এর মধ্যে স্বামীর সঙ্গে সংসার করার ইচ্ছা প্রকাশ করেছিল জিনিয়া। কিন্তু দুই পরিবারের সমঝোতার পর শেষ পর্যন্ত কান্নাভেজা বিদায়ে বাবার সঙ্গে ফিরতে হলো তাকে। বয়সের এই অসংগতি এবং সমঝোতার পর জিনিয়াকে বাবার গাড়িতে তুলে নেওয়ার ঘটনাটি এলাকায় নানা আলোচনা ও প্রশ্নের জন্ম দিয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]