নাটোরের গুরুদাসপুরে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলার চাপিলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নয়ন ইসলাম। তিনি বলেন, চাপিলা ইউনিয়ন বিএনপি'র কার্যালয়টি তার বাড়ির অদূরে ১৪ মাথা এলাকায় অবস্থিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গভীর রাতে কার্যালয়টিতে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। নাশকতার উদ্দেশ্যে সপ্তাহখানেক আগেও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা গভীর রাতে মশাল মিছিল বের করে। সেসব নেতা কর্মীরাই বিএনপির কার্যালয়ে ককটেল নিক্ষেপ করেছেন।
বিস্ফোরণের আওয়াজে আশপাশের লোকজনের ঘুম ভেঙ্গে যায়। ঘর থেকে বেরিয়ে বিএনপি'র কার্যালয়ের সামনে আগুন জ্বলতে দেখেন। এতে মুহূর্তেই চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় কোনো হতাহত হয়নি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা কি উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা উদঘাটনে পুলিশ কাজ করছে। তবে এই ঘটনা এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।
এর আগে রবিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ১১ টার দিকে নাটোর শহরতলীর দত্তপাড়া বাজারে জয় বাংলা স্লোগান দিয়ে মুহুর্মুহ ফাঁকা গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা। এ সময় পর পর কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়েছে। এ সময় প্রায় শতাধিক রাউন্ড গুলি ছোঁড়েন দুর্বৃত্তরা। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতংক ছড়িয়ে পড়ে। এছাড়া একই রাতে লালপুর মশাল মিছিল করেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল সন্ধ্যায় আগুন দেওয়া হয় নাটোর রেললাইনেও।
সাজু/নিএ
সর্বশেষ খবর