বগুড়ায় ইউএনও-এসিল্যান্ডের বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় ‘জয়বাংলা’ স্লোগান বগুড়া প্রতিনিধি বগুড়ার শেরপুরে ইউএনও এবং এসিল্যান্ডের সরকারি বাসভবনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় লেখা হয়েছে ‘জয় বাংলা’ স্লোগান। গতকাল (১৭ নভেম্বর) মঙ্গলবার সন্ধ্যার আগে থেকে লাল ও কালো রঙ দিয়ে স্প্রে করা লেখাটি দেখা গেছে। তবে স্লোগানটি কারা কখন লিখে গেছে এটি কেউ বলতে পারছে না। উপজেলা প্রশাসন বলছে বিষয়টি নজরে আসার পরই সরকারি স্থাপনার লেখাগুলো মুছে ফেলা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) সরকারি বাসভবনের দেয়াল, মহাসড়ক-সংলগ্ন উপজেলা পরিষদের প্রধান ফটক এবং উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের গেট ও দেয়ালে লাল রঙে ‘জয় বাংলা’ লেখা হয়েছে। এ ছাড়া উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দেয়াল, জেলা পরিষদ অডিটোরিয়াম-সংলগ্ন চক্ষু হাসপাতালের সাইনবোর্ড, নয়া পাড়ায় অবস্থিত উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট, শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের প্রধান ফটক এবং মজিবুর রহমান বালিকা স্কুলের প্রধান ফটকের সামনেও একই স্লোগান দেখা গেছে। শুধু সরকারি দপ্তর কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানেই নয়, ঢাকা-বগুড়া মহাসড়কের থানা রোড এলাকায় সড়ক বিভাজকের দুই পাশে, বিভিন্ন সাইনবোর্ডের নিচে এবং মহাসড়ক-সংলগ্ন দেয়ালেও ‘জয় বাংলা’ স্লোগান লেখা হয়েছে। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, গতকাল সন্ধ্যার একটু আগে এ ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দেয়ালে লিখে চলে গেছে। এ ঘটনায় পুলিশ তৎপর রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কাজ করে যাচ্ছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা বোঝা যাচ্ছে। শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, সন্ধ্যার পর বিষয়টি তিনি জানতে পারেন। এরপর সরকারি যে দপ্তরগুলোতে লেখা হয়েছিলো সেগুলো মুছে ফেলা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ এলাকায় একটি চলন্ত বস্তা বোঝাই ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় একঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত ভ্যানটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায়, গত ১৫ নভেম্বর শেরপুরের আওয়ামী লীগের সাবেক দুই এমপিসহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ১০৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর