• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০২:০৮ দুপুর

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ থেকে ২৪ হাজার টাকার মধ্যে চায় সিপিডি

ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, শ্রমিকদের ন্যূনতম মানবিক জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা। আর দারিদ্র্যসীমা বিবেচনায় জীবন নির্বাহের ব্যয়ের ভিত্তিতে প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক নাজনিন আহমেদ।

নাজনিন আহমেদ বলেন, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করলে পোশাকশ্রমিকদের বর্তমান ১২ হাজার ৫০০ টাকা মজুরি বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৩৫১ টাকা। দারিদ্র্যসীমা বিবেচনায় মজুরি হওয়া উচিত ১৮ হাজার ৫৭৮ টাকা। আর পুষ্টিমান বজায় রেখে মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।

সিপিডির বক্তব্য, মালিক ও শ্রমিক—উভয় পক্ষের আলোচনায় ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে বিবেচনা করা উচিত। পাশাপাশি সময়ের সঙ্গে শ্রমিকদের মজুরি ‘লিভিং ওয়েজ’ বা মানবিক জীবনযাপনের উপযোগী মজুরির পর্যায়ে উন্নীত করার লক্ষ্য রাখতে হবে।

মজুরি নির্ধারণ প্রক্রিয়ায় সরকারের দায়িত্বের বিষয়টিও তুলে ধরে সিপিডি। সংস্থাটির মতে, শুধু মজুরি বোর্ড গঠন করে মালিক ও শ্রমিকপক্ষকে আলোচনায় বসিয়ে মাঝামাঝি একটি অঙ্ক ঘোষণা করলেই সরকারের দায়িত্ব শেষ হয় না। ঘোষিত মজুরি শ্রমিকেরা বাস্তবে পাচ্ছেন কি না, তা কঠোরভাবে পর্যবেক্ষণ করতে হবে।

এ ছাড়া মজুরি বোর্ড গঠনের অন্তত ছয় মাস আগে থেকেই তথ্য-উপাত্ত ও সমীক্ষার ফলাফল নিয়ে প্রস্তুতিমূলক আলোচনা শুরুর পরামর্শ দিয়েছে সংস্থাটি। প্রতি বছর মজুরি নিয়ে নতুন করে জটিলতা এড়াতে একটি স্থায়ী মজুরি কমিশন গঠনের বিষয়টিও বিবেচনার সুপারিশ করেছে সিপিডি। এ কমিশন নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে নিয়মিত মজুরি সমন্বয় করতে পারে।

সংবাদ সম্মেলনে ২০০৬ সালের শ্রম আইনে মজুরি নির্ধারণের জন্য উল্লেখ করা মানদণ্ড অনুসরণ, কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান কাজের জন্য সমান মজুরি নিশ্চিত করা, পিতৃত্বকালীন ছুটি ও ব্রেস্টফিডিং কর্নার চালু রাখা এবং প্রতি দুই বছর পরপর মজুরি পর্যালোচনার বিষয়েও সুপারিশ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, ড. মোস্তাফিজুর রহমান ও তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]