• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
আবদুল কাদির
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ০২:৫৪ দুপুর

‘নৈরাজ্য-সন্ত্রাসে আর কোনো ছাড় নয়’: ত্রাণ প্রতিমন্ত্রী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন বলেছেন, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আর কোনো নমনীয়তা দেখানো হবে না। মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় এসব কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করা হবে। প্রয়োজনে প্রতিঘাত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর /২৬) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া, রামগোপালপুর ও শাহগঞ্জ বাজারে ‘আওয়ামী ফ্যাসিস্টদের নৈরাজ্যের প্রতিবাদে’ আয়োজিত পৃথক তিনটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহগঞ্জ বাজারের পথসভায় প্রতিমন্ত্রী বলেন, “দুইদিন আগ পর্যন্ত আমরা নমনীয় ছিলাম, কিন্তু গতকাল থেকে আমরা আর একটুও নমনীয় নই।” নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আওয়ামী লীগের বিরুদ্ধে বাস-ট্রাকে অগ্নিসংযোগ ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তুলে ইকবাল হোসেইন বলেন, সরকার ও দল হিসেবে এসব কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রতিবাদ ও প্রতিহতের পাশাপাশি প্রয়োজন হলে প্রতিঘাত করা হবে। সরকারের আট মাসে দেশ ভালো চলছিল দাবি করে তিনি বলেন, একটি গোষ্ঠী গোপনে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। সরকারের নমনীয়তাকে দুর্বলতা মনে করলে তারা ভুল করবে। রাজপথ থেকে বিএনপি সরে যায়নি, ভবিষ্যতেও যাবে না। আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোথাও নাশকতার চেষ্টা দেখলে সংশ্লিষ্টদের আটক করে পুলিশের হাতে তুলে দিতে হবে। পুলিশ ও প্রশাসনের পাশে থাকার জন্য নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে রামগোপালপুরের পথসভায় চোরাগোপ্তা হামলা ও থানায় আক্রমণের অভিযোগ তুলে প্রতিমন্ত্রী বলেন, জানমালের ক্ষতি ও চোরাগোপ্তা হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সাহস থাকলে সোজা রাস্তা দিয়ে মিছিল করার আহ্বান জানান তিনি।

বিদেশে অবস্থান করে কেউ কেউ দেশে ভাঙচুর ও অগ্নিসংযোগে উসকানি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। বিভ্রান্ত হয়ে সহিংসতায় জড়িয়ে পড়া ব্যক্তিদের সন্ত্রাসের পথ ছেড়ে দেশ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। নিজ দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, কারও আত্মীয়-স্বজন সন্ত্রাসী বা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে আশ্রয় দেওয়া যাবে না।

এ ধরনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। দিনের শুরুতে কলতাপাড়ায় অনুষ্ঠিত পথসভায় ইকবাল হোসেইন বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকতে পারে, তবে দেশের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই। অগ্নিসংযোগ ও বাড়িঘরে হামলার মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, “আমরা দেশ গঠনের জন্য কাজ করছি, তাই বলে মনে করবেন না যে আমরা রাজপথ ছেড়ে দিয়েছি। দেশ আমাদের, দেশকে যেভাবে রক্ষা করতে হয় আমরা সেভাবেই রক্ষা করব।” পৃথক তিনটি পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দেশকে নিজের ঘরের মতো আগলে রাখা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে ‘করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’ স্লোগান দেন প্রতিমন্ত্রী।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]