চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে হেলমেট পরিহিত চার দুর্বৃত্ত। এর মধ্যে দুটি বোমা বিস্ফোরিত হয়ে ব্যাংকের প্রধান ফটকের সামনে আগুন ধরে যায়। তবে বাজারের নৈশপ্রহরীর তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি। বর্তমানে শাখাটির কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখায় এ ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত চার ব্যক্তি ব্যাংক লক্ষ্য করে পরপর চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বোমা বিস্ফোরণের পর ব্যাংকের প্রধান দরজার সামনে আগুন জ্বলে উঠলে বাজারের নৈশপ্রহরী জালাল উদ্দিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন।
ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখা ব্যবস্থাপক বিপ্লব ভট্টাচার্য জানান, ব্যাংকের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত পৌনে ৩টার দিকে কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক ব্যাংক লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর মধ্যে একটি ব্যাংকের প্রধান দরজায় এবং অন্যটি সিঁড়ির পাশে বিস্ফোরিত হয়। বাকি দুটি বোমা বিস্ফোরিত হয়নি। বিস্ফোরণের পর আগুন ধরে গেলে নৈশপ্রহরী দ্রুত তা নিভিয়ে ফেলেন। এ ঘটনায় পুলিশ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে। বর্তমানে ব্যাংকের শাখাটির কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ব্যাংক লক্ষ্য করে পেট্রোল বোমা জাতীয় বস্তু নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে তা গ্রহণ করা হবে। তবে পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর