বরিশালে সৌদি রিয়াল দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, রিয়ালের পরিবর্তে তাঁকে কাগজের টুকরোভর্তি একটি ব্যাগ দেওয়া হয়েছে। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, অভিযোগকারী মো. মিরাজ (২৫) বরিশাল নগরের কোতোয়ালী থানাধীন ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী এলাকার বাসিন্দা। এ ঘটনায় নাসির (৫৫) ও মতিন (৫০) নামের দুই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে মিরাজ উল্লেখ করেন, গত ১১ নভেম্বর নাসিরের সঙ্গে তাঁর পরিচয় হয়। এ সময় নাসির ও তাঁর সহযোগী মতিন তাঁকে সৌদি রিয়াল দেওয়ার প্রস্তাব দেন। রিয়াল ভাঙিয়ে লাভবান হওয়ার সুযোগ রয়েছে বলেও তাঁকে আশ্বস্ত করা হয়।
তাঁদের কথায় বিশ্বাস করে মিরাজ টাকা সংগ্রহ করে অভিযুক্তদের কাছে যান। একপর্যায়ে তাঁরা তাঁকে কাগজভর্তি একটি ব্যাগ দিয়ে এর মধ্যে সৌদি রিয়াল রয়েছে বলে জানান। এর বিনিময়ে মিরাজের কাছ থেকে নগদ ৬ লাখ টাকা নেওয়া হয়।
পরে ব্যাগ খুলে তিনি দেখতে পান, সেখানে কোনো সৌদি রিয়াল নেই; বরং রয়েছে কাগজের টুকরো। এরপর অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাঁদের ব্যবহৃত ০১৭৪৭৭০৬৮৯২ ও ০১৩১৩৬৭৮৪২৪ নম্বর দুটি বন্ধ পাওয়া যায় বলেও দাবি করেছেন অভিযোগকারী।
এ ঘটনায় প্রতিকার চেয়ে ১৯ নভেম্বর বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মো. মিরাজ।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এবং পুলিশের পক্ষ থেকে অভিযোগের অগ্রগতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর