• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬, ০৯:২৭ সকাল

কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা, চাওয়া হলো সেনাসহায়তা

ছবি: সংগৃহীত

দেশের কারাগারগুলোতে বন্দির সংখ্যা ধারণক্ষমতা ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি নিরাপত্তা উদ্বেগ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা ও হামলার আশঙ্কায় কারাগারগুলোর নিরাপত্তা পরিকল্পনায় পরিবর্তন এনেছে কারা অধিদপ্তর। পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রয়োজনে সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সহায়তা নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে।

কারা অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে বন্দির সংখ্যা ১ লাখ ১৫ হাজার। অথচ এসব কারাগারে সর্বোচ্চ ৪৫ হাজার বন্দি রাখার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ ধারণক্ষমতার চেয়ে প্রায় ৭০ হাজার বেশি বন্দি নিয়ে পরিচালিত হচ্ছে কারাগারগুলো। কারা অধিদপ্তরের জেলার মো. মাসুদ হাসান জুয়েল জানিয়েছেন, দেশের কারাগারের ইতিহাসে আগে কখনো বন্দির সংখ্যা এত বেশি হয়নি।

এ পরিস্থিতিতে গত এক সপ্তাহ ধরে বিশেষ নিরাপত্তা কার্যক্রম চালানো হচ্ছে। ১৩টি কেন্দ্রীয় কারাগারসহ দেশের সব কারাগারে বন্দিদের চলাফেরা ও গতিবিধি পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে। বিশেষ নজরদারিতে রয়েছেন রাজনৈতিক বন্দিরা। কারাগারের ভেতরে কোনো ধরনের উত্তেজনা তৈরি হলে দ্রুত তা নিয়ন্ত্রণে আনার প্রস্তুতিও নেওয়া হয়েছে।

কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মাসুদ হাসান জুয়েল জানান, সম্ভাব্য হামলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্তদের করণীয় সম্পর্কে নিয়মিত নির্দেশনা দেওয়া হচ্ছে। বন্দিদের মধ্যে অসন্তোষ দেখা দিলে কীভাবে পরিস্থিতি সামাল দিতে হবে, সে বিষয়েও কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুত রাখা হচ্ছে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

নিরাপত্তা ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসন ও বিভিন্ন বাহিনীর সঙ্গে সমন্বয় করছে কারা কর্তৃপক্ষ। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে নিয়মিত যোগাযোগের পাশাপাশি বিজিবি এবং আনসারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। ভৌগোলিক অবস্থান ও পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনী, নৌবাহিনী কিংবা কোস্টগার্ডের সহযোগিতা নেওয়ার প্রস্তুতি রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তবে নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জনবলসংকট। কারা অধিদপ্তরে কর্মরত প্রায় সাড়ে ১২ হাজার কর্মকর্তা-কর্মচারীর মধ্যে কারারক্ষী রয়েছেন আনুমানিক ১০ হাজার। তাঁদেরও প্রায় ১৫ শতাংশ বিভিন্ন সময়ে ছুটি কিংবা অসুস্থতার কারণে দায়িত্বের বাইরে থাকেন। ফলে সীমিতসংখ্যক কারারক্ষীকে বিপুলসংখ্যক বন্দির নিরাপত্তার দায়িত্ব পালন করতে হচ্ছে।

কারা অধিদপ্তরের ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রায় ১৮ বছর আগে, ২০০৭-০৮ সালে ২৪ হাজার জনবল নিয়োগের একটি প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু এত দীর্ঘ সময়ে নতুন করে যুক্ত হয়েছেন মাত্র পাঁচ হাজারের মতো কর্মী। বন্দির সংখ্যা ও নিরাপত্তার দায়িত্ব বিবেচনায় এই জনবল প্রয়োজনের তুলনায় অনেক কম।

জনবল ও বন্দির চাপের মধ্যেই বিশেষ নজরদারিতে রাখা হয়েছে গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসকে। সেখানে অবস্থিত চারটি কেন্দ্রীয় কারাগারে বর্তমানে প্রায় ১২ হাজার বন্দি রয়েছেন। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা হিসেবে পুরো ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত বাহিনী মোতায়েন ও টহল বাড়ানোর উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ।

এ লক্ষ্যে বুধবার (১৮ নভেম্বর) গাজীপুরের জেলা প্রশাসকের কাছে সহযোগিতা চেয়ে লিখিত আবেদন পাঠানো হয়। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন স্বাক্ষরিত ওই আবেদনে কারা ক্যাম্পাসের সার্বক্ষণিক নিরাপত্তা ও টহল কার্যক্রম জোরদারের অনুরোধ জানানো হয়েছে।

আবেদনটি পাঠানো হয়েছে সাভার সেনানিবাসের ৯ পদাতিক ডিভিশনের সদর দপ্তরের জিওসি, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার, এসআরবির অধিনায়ক, কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং রাজেন্দ্রপুর সেনানিবাসের অপারেশন শাখার কর্মকর্তার কাছে। এ ছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আরও আটটি দপ্তরে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

কারা অধিদপ্তরের জেলার মো. মাসুদ হাসান জুয়েল বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে কারাগারের নিরাপত্তা বাড়ানোর বিষয়ে নির্দেশনা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রশাসনকে অবহিত করার পাশাপাশি অন্যান্য বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতাও চাওয়া হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, জেলায় বিজিবি, এসআরবি ও আনসানের ৩২ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। কারা কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলার সব কারাগারের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]