• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৫ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬, ০৪:১৫ দুপুর

উন্নয়ন থমকে যাবে, বাংলাদেশকে সতর্ক করল বিশ্বব্যাংক

ছবি: সংগৃহীত

কম রাজস্ব আদায়, বাড়তি অনুন্নয়ন ব্যয় এবং জ্বালানি খাতের ভর্তুকির চাপে বাংলাদেশে উন্নয়ন বিনিয়োগ কমে গেছে। এ বিষয়ে সতর্ক করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির নতুন প্রতিবেদন ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে।

সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে চায়। বিশ্বব্যাংক বলছে, এ লক্ষ্য অর্জনে রাজস্ব সংস্কারকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান কৌশলের মূল ভিত্তি করতে হবে। একই সঙ্গে ঢালাও ভর্তুকির পরিবর্তে দরিদ্র ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে লক্ষ্য করে সহায়তা দিতে হবে।

প্রতিবেদনে দেশের অর্থনীতির কয়েকটি বড় দুর্বলতা তুলে ধরা হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো কর্মসংস্থানে স্থবিরতা। তরুণ ও ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। কর্মক্ষম প্রতি পাঁচ নারীর মধ্যে তিনজনই শ্রমবাজারের বাইরে রয়েছেন। আর দেশের মোট শ্রমশক্তির ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন।

দ্বিতীয় দুর্বলতা রাজস্ব আয়। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের কর আদায় ছিল জিডিপির মাত্র ৬ দশমিক ৮ শতাংশ, যা সমপর্যায়ের অন্যান্য দেশের তুলনায় অর্ধেকেরও কম।

তৃতীয় দুর্বলতা উন্নয়ন ও শিক্ষায় কম ব্যয়। ২০২১-২২ অর্থবছরে উন্নয়ন খাতে মূল ব্যয় ছিল জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৮ শতাংশে। অন্যদিকে, শিক্ষায় ব্যয় নেমে এসেছে জিডিপির মাত্র ১ দশমিক ৫ শতাংশে।

চতুর্থ দুর্বলতা ঋণের সুদ পরিশোধের চাপ। ২০১৬-১৭ অর্থবছরে সুদ পরিশোধে ব্যয় ছিল জিডিপির ১ দশমিক ৫ শতাংশ। চলতি ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে ২ দশমিক ৬ শতাংশে দাঁড়াতে পারে। সরকার দেশের ব্যাংকগুলো থেকে বেশি ঋণ নিচ্ছে। এতে বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পঞ্চম দুর্বলতা জ্বালানি খাতের ভর্তুকি। বিদ্যুৎ ও গ্যাসে ভর্তুকি ২০১৭-১৮ অর্থবছরে ছিল জিডিপির ০ দশমিক ৩ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৫ শতাংশে। বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লে এ চাপ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক।

রাজস্ব বাড়াতে পাঁচ পরামর্শ

রাজস্ব আয় বাড়াতে বিশ্বব্যাংক পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে।

প্রথমত, কর প্রশাসনকে আধুনিক করতে হবে। এ জন্য করনীতি প্রণয়নের কাজ থেকে কর প্রশাসনকে আলাদা করা, ডিজিটাল ব্যবস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং একক করদাতা শনাক্তকরণ নম্বর চালু করতে হবে।

দ্বিতীয়ত, কর ছাড় কমাতে হবে। ২০২১-২২ অর্থবছরে কর ছাড়ের পরিমাণ ছিল জিডিপির ৬ দশমিক ৯ শতাংশ, যা প্রায় মোট আদায় হওয়া কর রাজস্বের সমান। এ পরিস্থিতিতে ভ্যাট ও বাণিজ্য শুল্কে সংস্কার আনার পাশাপাশি অপ্রয়োজনীয় কর ছাড় কমানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি।

তৃতীয়ত, জ্বালানির দাম নির্ধারণের ব্যবস্থা পরিবর্তন করতে হবে। এ জন্য স্বাধীন ও শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা গঠন এবং উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মতান্ত্রিকভাবে দাম নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

চতুর্থত, ভর্তুকি আরও সুনির্দিষ্ট করতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশে দারিদ্র্যের হার ২০২২ সালে ছিল ১৮ দশমিক ৭ শতাংশ, যা ২০২৬ সালে বেড়ে হয়েছে ২২ দশমিক ৫ শতাংশ। এ অবস্থায় ঢালাও ভর্তুকির পরিবর্তে শক্তিশালী সামাজিক নিবন্ধন ও ‘ফ্যামিলি কার্ড’ প্ল্যাটফর্ম ব্যবহার করে দরিদ্র পরিবারগুলোকে সরাসরি সহায়তা দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।

পঞ্চমত, সংস্কারের মাধ্যমে বাড়তি যে অর্থ আসবে, তা স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামো খাতে ব্যয় করতে হবে।

বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, এসব সংস্কার পুরোপুরি বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হতে পারে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]