• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬, ১১:১৮ দুপুর

উপকূলীয় অঞ্চলের বাস্তবতা বিবেচনায় টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণের আহ্বান চিফ হুইপের

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

উপকূলীয় অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এবং স্থানীয় মানুষের জীবনযাত্রা ও প্রয়োজন বিবেচনায় নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি। তিনি বলেন, সরকারি অর্থ জনগণের অর্থ। তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অর্থের যথাযথ ব্যবহার, ব্যয় সাশ্রয় এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। শুধু অবকাঠামো নির্মাণ নয়, সেগুলো দীর্ঘস্থায়ী ও জনসাধারণের প্রকৃত উপকারে আসে কি না, সেটিও নিশ্চিত করা জরুরি।

জাতীয় সংসদ ভবনের এলডি হলে বরিশাল বিভাগের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ আরও বলেন, উপকূলীয় এলাকার উন্নয়ন পরিকল্পনা হতে হবে বাস্তবতাভিত্তিক। প্রকল্প গ্রহণের আগে সংশ্লিষ্ট এলাকার প্রকৃত সমস্যা ও প্রয়োজন যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। নদীভাঙনপ্রবণ এলাকায় টেকসই প্রতিরক্ষা ও যোগাযোগ অবকাঠামো, জলাবদ্ধতাপ্রবণ এলাকায় কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা এবং দুর্যোগপ্রবণ এলাকায় মানুষের স্বাভাবিক চলাচল ও জীবনযাত্রা সচল রাখার উপযোগী অবকাঠামো নির্মাণে গুরুত্ব দিতে হবে।

সভায় বরগুনার বামনা, বেতাগী ও পাথরঘাটাসহ বরিশাল বিভাগের উপকূলীয় জনপদের উন্নয়ন চাহিদা, নদীভাঙন, জলাবদ্ধতা, দুর্বল যোগাযোগব্যবস্থা এবং ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকি নিয়ে আলোচনা হয়। এসব এলাকার ভৌগোলিক ও প্রাকৃতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নূরুল ইসলাম মণি বলেন, উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্য কেবল বরাদ্দ করা অর্থ ব্যয় করা নয়; বরং প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করা। এ জন্য প্রকল্পের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহি ও নির্মাণকাজের মান বজায় রাখতে হবে। নির্ধারিত সময়ে কাজ শেষ করার পাশাপাশি অবকাঠামোর স্থায়িত্ব নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মতবিনিময় সভায় বরিশাল বিভাগের এলজিইডির আওতাধীন চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নের গুণগত মান, ব্যয় ব্যবস্থাপনা এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকেরা প্রকল্পের বর্তমান অবস্থা ও বাস্তবায়নসংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেন।

এদিকে বরগুনার বামনা উপজেলাকে বিশখালী নদীর ভাঙন থেকে রক্ষা, রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাটের প্রতিরক্ষা এবং সংশ্লিষ্ট পোল্ডার এলাকায় টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রায় ১৩ হাজার ১১১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের পুনর্গঠিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পানি সম্পদ মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবোর প্রধান প্রকৌশলী (পুর) পরিকল্পনা বিভাগের দপ্তর থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে প্রকল্পটির নাম উল্লেখ করা হয়েছে, ‘বরগুনা জেলার অধীনে বিশখালী নদীর ভাঙন হতে বামনা শহর এবং রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাট প্রতিরক্ষা এবং পোল্ডার ৩৯/২এ ও ৩৯/১সি অভ্যন্তরে টেকসই পানি ব্যবস্থাপনা’।

প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১৩ হাজার ১১১ কোটি ৩৩ লাখ টাকা এবং বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ডিসেম্বর ২০২৬ থেকে মার্চ ২০৩১ পর্যন্ত। ২০২৬ সালের ৩০ আগস্ট পানি সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত যাচাই কমিটির সভার সিদ্ধান্তের আলোকে প্রকল্পটির ডিপিপি পুনর্গঠন করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে বিশখালী নদীর ভাঙন থেকে বামনা শহর, রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাট রক্ষা এবং পোল্ডার ৩৯/২এ ও ৩৯/১সি এলাকার পানি ব্যবস্থাপনার উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

বরগুনার উপকূলীয় জনপদে নদীভাঙন, জলাবদ্ধতা, দুর্বল সড়ক যোগাযোগ ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দীর্ঘদিনের। এসব সমস্যা মোকাবিলায় পরিকল্পিত ও টেকসই অবকাঠামো উন্নয়ন স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি। এ অবস্থায় বামনার প্রস্তাবিত প্রকল্পটির দ্রুত অনুমোদন, যথাযথ অর্থায়ন এবং সময়মতো বাস্তবায়নের পাশাপাশি সরকারি অর্থের স্বচ্ছ ব্যবহার ও কাজের গুণগত মান নিশ্চিত করা জরুরি। চিফ হুইপের বক্তব্যের মূল প্রতিপাদ্যও হচ্ছে, উপকূলের বাস্তবতা বিবেচনায় জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]