• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬, ১১:১৮ দুপুর

পাগলা মসজিদের দানসিন্দুক খুলে মিলল ৫১ বস্তা টাকা, চলছে গণনা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চার মাস ২৫ দিন পর আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানসিন্দুক। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের নেতৃত্বে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সিন্দুক খোলার কাজ শুরু হয়।

সিন্দুক খুলে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। এছাড়াও মিলেছে বিপুল পরিমাণ বিদেশী মুদ্রা ও স্বর্ণালংকার। পাগলা মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে চলছে গণনা।

গণনার কাজে অংশ নিয়েছেন মোট ৫৪০ জন। এর মধ্যে পাগলা মসজিদ নূরানী কুরআন হাফিজিয়া মাদ্রাসার ৯০ জন শিক্ষার্থী, শহরের আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের ১৫০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। পাগলা মসজিদের ৩৫ জন স্টাফ। জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সহ ২৪ জন কর্মকর্তা । দিনভর গণনার কাজ চলবে।

বিপুল পরিমাণ অর্থ গণনাকে কেন্দ্র করে পুরো মসজিদ এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। টাকা সংগ্রহ, গণনা এবং ব্যাংকে জমা দেয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম।

সবশেষ ২০২৬ সালের ২৭ জুন পাগলা মসজিদের দানসিন্দুক খোলা হয়েছিল। সেদিন দানসিন্দুক থেকে রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া যায়। এছাড়া পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।

জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন বলেন, পাগলা মসজিদের দানের অর্থ দিয়ে প্রায় ১১৫ কোটি টাকা ব্যয়ে একটি বহুতল ইসলামী কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এর নকশা অনুমোদনের কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করছি আগামী বছর থেকেই নির্মাণকাজ শুরু করা যাবে।

দীর্ঘদিন পর দানসিন্দুক খোলা হওয়ায় এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে সর্বোচ্চ পরিমাণ অর্থ পাওয়া যেতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে গণনা কার্যক্রম শেষ হওয়ার পরই প্রকৃত হিসাব জানা যাবে।

বর্তমানে পাগলা মসজিদের রূপালী ব্যাংক অ্যাকাউন্টের জমা রয়েছে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্টে জমা পড়েছে ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা।

জনশ্রুতি রয়েছে, কিশোরগঞ্জ শহরের হারুয়া ও রাখুয়াইল এলাকার মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীর একটি চরে এক আধ্যাত্মিক পাগল সাধক বসবাস করতেন। তার মৃত্যুর পর সেখানে একটি মসজিদ নির্মিত হয়, যা পরবর্তীতে পাগলা মসজিদ নামে পরিচিতি লাভ করে। মানুষের বিশ্বাস, এখানে মানত করলে মনের আশা পূরণ হয়। সেই বিশ্বাসে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ-বিদেশের মানুষ এই মসজিদে দান করে থাকেন। সময়ের সঙ্গে দানের পরিমাণও ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। এবারও নতুন রেকর্ড হবে কি না, তা জানা যাবে গণনা শেষে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]