• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬, ০১:৩২ দুপুর

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য ‘বড় সুখবর’

প্রতীকী ছবি

দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদরাসার ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়নে উপবৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থী কিংবা তার অভিভাবকের ব্যাংক, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং হিসাবে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় হিসাব খোলার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। গত ১৮ নভেম্বর ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেন।

নির্দেশনায় বলা হয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের জন্য সর্বজনীনভাবে ১০০ শতাংশ উপবৃত্তি চালু করা হবে। তবে ছাত্রদের ক্ষেত্রে আগের নিয়মেই উপবৃত্তি কার্যক্রম চলবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ পাঠানো হবে। এ জন্য যেকোনো অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, যেসব ছাত্রীর নাম ইতোমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে অন্তর্ভুক্ত রয়েছে অথবা যারা এ কর্মসূচির আওতায় উপবৃত্তি পাচ্ছে, তাদের নতুন করে হিসাব খোলার প্রয়োজন নেই। তবে এখনো উপবৃত্তি না পাওয়া ছাত্রী বা তাদের অভিভাবকদের নামে নতুন হিসাব খুলতে হবে।

শিক্ষার্থীর অভিভাবক হিসেবে বাবা অথবা মাকে বিবেচনা করা হবে। বাবা-মায়ের কেউ জীবিত না থাকলে আপন ভাই-বোন, দাদা-দাদি কিংবা নানা-নানির যেকোনো একজন অভিভাবক হতে পারবেন।

বাবা বা মায়ের নামে তফসিলি ব্যাংক কিংবা এজেন্ট ব্যাংকিংয়ে অনলাইন হিসাব থাকলে সেই হিসাবের মাধ্যমেই উপবৃত্তির টাকা গ্রহণ করা যাবে। নতুন হিসাব খোলার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তবে আবেদনপত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে শিক্ষার্থীর অভিভাবক হিসেবে উল্লেখ করতে হবে।

অন্যদিকে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তি পেতে হলে বাবা অথবা মায়ের মধ্যে অন্তত একজন জীবিত থাকতে হবে। এ ক্ষেত্রে যাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে, তার জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করতে হবে এবং ওই ব্যক্তির নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে।

বাবা-মা কেউ জীবিত না থাকলে বিকল্প অভিভাবকের নামে তফসিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকিংয়ে শিক্ষার্থীর নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে হবে।

এ ছাড়া কোনো শিক্ষার্থীর বাবা-মা এবং নির্ধারিত বিকল্প অভিভাবকদের কেউ না থাকলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান তৃতীয় একজনকে অভিভাবক হিসেবে উল্লেখ করে প্রত্যয়নপত্র দেবেন। ওই প্রত্যয়নপত্র এইচএসপি-এমআইএস সফটওয়্যারে আপলোড করতে হবে। এ ধরনের শিক্ষার্থীরা শুধু নিজেদের নামে তফসিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং হিসাব খুলে উপবৃত্তির অর্থ গ্রহণ করতে পারবে।

নির্দেশনায় বলা হয়েছে, স্কুল ব্যাংকিং হিসাব শিক্ষার্থীর নামেই খুলতে হবে। তবে শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হলে হিসাবটি স্থগিত হয়ে যায়। এ ক্ষেত্রে নিজ নামে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব হালনাগাদ করতে হবে।

হিসাব খোলার সময় কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) ফরম পূরণ করে অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক। এ প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না করলে জিটুপি পদ্ধতিতে উপবৃত্তির অর্থ পাঠানো সম্ভব হবে না।

এদিকে, নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকেও সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় আনার সুযোগ রাখা হয়েছে। সাধারণ ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অনুমোদিত এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) দেওয়া ইআইআইএন নম্বরধারী প্রতিষ্ঠান এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে পারবে। এ জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে স্কিম পরিচালকের কাছে আবেদন করতে হবে।

এ ছাড়া কর্মসূচিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এইচএসপি-এমআইএস সফটওয়্যারে প্রথমবার প্রবেশের জন্য ‘ফরগট পাসওয়ার্ড’ অপশন ব্যবহার করে নতুন পাসওয়ার্ড তৈরি ও ইউজার অ্যাকাউন্ট সক্রিয় করতে বলা হয়েছে।

উপবৃত্তি-সংক্রান্ত যেকোনো সমস্যায় সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে [email protected] ঠিকানায় ই-মেইল করে যোগাযোগ করতে হবে।

নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের বিষয়টি অবহিত করা এবং কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়ে বিষয়টিকে ‘অতীব জরুরি’ বলে উল্লেখ করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]