মুখস্থনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে জ্ঞান ও দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকার শিক্ষা ব্যবস্থাকে যে অবস্থায় রেখে গিয়েছিল, পরবর্তী সময়ে ক্ষমতায় ফিরে সেই অবস্থায় শিক্ষাব্যবস্থা পাওয়া যায়নি। বরং অনেক পিছিয়ে পড়েছিল। সেখান থেকে উত্তরণ ঘটানো বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। এ কারণে প্রধানমন্ত্রী শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং জাতীয় বাজেটে এ খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। জিডিপির ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে।
কারিগরি শিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, দেশের ৫০৩টি উপজেলায় টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে।
এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের বিষয়ে মন্ত্রী জানান, তাদের জন্য আগামী ২ ডিসেম্বর সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ৩০ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফলে উত্তীর্ণ শিক্ষার্থীরা পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।
প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের পদক্ষেপ তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আর কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। আগামী বছরগুলোতে পরীক্ষার এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর ব্যবস্থা করা হবে। এতে প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরীক্ষাব্যবস্থায় অনিয়ম ও অসাধুতা বন্ধ করা সম্ভব হবে।
নতুন শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, গতানুগতিক ধারার পড়াশোনা দিয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। শিক্ষার মান বাড়াতে হলে প্রচলিত পদ্ধতি থেকে বেরিয়ে এসে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে।
নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ নিয়েও পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ৩১ অক্টোবরের মধ্যে প্রাথমিক স্তরের পাঠ্যবই উপজেলা শিক্ষা অফিসগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। মাধ্যমিক স্তরের বই ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। আগামী ২৪ ডিসেম্বর সারা দেশে একযোগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী ওই দিন নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ। তাই নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শুধু মুখস্থ করে পরীক্ষায় ভালো ফল করাই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না। অর্জিত জ্ঞান কাজে লাগানোর সক্ষমতা তৈরি করতে হবে, যাতে ভবিষ্যতের প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের প্রতিষ্ঠিত করা যায়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমদ, রেঞ্জ ডিআইজি জুলফিকার আলী হায়দার এবং বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ। পরে শিক্ষামন্ত্রীসহ অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর