জয়পুরহাটের কালাই উপজেলা খাদ্যগুদামে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এই কার্যক্রমের উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
অনুষ্ঠানে খাদ্য প্রতিমন্ত্রী বলেন, গত ১৪ নভেম্বর থেকে সারা দেশে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা, যা গত বছরের তুলনায় এক টাকা বেশি। কৃষকেরা যাতে সরকার নির্ধারিত এই ন্যায্যমূল্য পান, তা নিশ্চিত করতেই সরকার এই সংগ্রহ কার্যক্রম হাতে নিয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, কালাই উপজেলায় প্রায় ৭০০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান নিয়ে কৃষকেরা এলে তা-ও সংগ্রহ করা হবে। বাজারে ধানের দাম কম থাকায় কৃষকদের সরকারি খাদ্যগুদামে ধান বিক্রির আহ্বান জানান তিনি।
তিনি বলেন, গ্রামীণ অর্থনীতি সচল করা, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিভিন্ন ভাতা প্রদান, খাল খনন, বৃক্ষরোপণ ও গ্রামীণ সড়ক উন্নয়নসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
ধান সংগ্রহে হয়রানি বন্ধের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আগের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ইরি মৌসুমে পাঁচ লাখ মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছিল। এবার সারা দেশে তিন লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।
খাদ্যগুদামে ধান দিতে কৃষকদের হয়রানির পেছনে কোনো সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ নাকচ করে তিনি বলেন, প্রতিটি সংগ্রহ কেন্দ্রে ট্যাগ অফিসার রয়েছেন। কোনো সমস্যা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক কিংবা সরাসরি তাঁকে জানানোর জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি। সরকারি ধান সংগ্রহ কার্যক্রম কোনো চক্রের কাছে জিম্মি হতে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমে জয়পুরহাট জেলায় মোট ৩ হাজার ৯০৮ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ৯৪৩, পাঁচবিবিতে ১ হাজার ৯২, আক্কেলপুরে ৬০৯, কালাইয়ে ৬৬৩ এবং ক্ষেতলালে ৬০৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া, জেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিল আহমেদ, সহকারী খাদ্য নিয়ন্ত্রক আবু তাহের, কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশীদসহ স্থানীয় প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর