• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬, ০৪:০২ দুপুর

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর তাণ্ডব: বরগুনায় ৩ দিন ধরে টানা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বরগুনায় গত তিন দিন ধরে চলছে টানা বৃষ্টিপাত।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে থেমে থেমে বৃষ্টি চললেও আজ শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে মুষলধারে বর্ষণ শুরু হয়েছে। একটানা বৃষ্টি আর দমকা হাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে পায়রাসহ দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

সকাল থেকে ভারী বৃষ্টির কারণে জেলা শহরের বিভিন্ন সড়কে পানি জমে গেছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও খেটে খাওয়া দিনমজুরদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাজারে ক্রেতার সংখ্যাও কমে গেছে।

মাঠে পানি, মাথায় হাত কৃষকের

টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষক, জেলে, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

নিচু জমিতে পানি জমে যাওয়ায় শীতকালীন সবজি ও অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। জমিতে পানি জমে শীতকালীন সবজির বীজতলা নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি বাতাস ও বৃষ্টিতে পাকা ও আধাপাকা ধান মাটিতে লুটিয়ে পড়েছে।

ভুক্তভোগী কৃষকরা বলেন, “অনেক কষ্ট ও টাকা খরচ করে জমিতে ফসল আবাদ করেছি। এখন বৃষ্টি অব্যাহত থাকলে ফসল নষ্ট হয়ে বড় ধরনের লোকসানে পড়ে যাব।”

তারা আরও বলেন, “টানা বৃষ্টির কারণে জমিতে কাজ করা যাচ্ছে না। কোথাও কোথাও জমিতে পানি জমে গেছে। এভাবে আরও কয়েক দিন বৃষ্টি হলে ফসলের গোড়া পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। উৎপাদন খরচ বেশি হওয়ায় ফসলের ক্ষতি হলে আমাদের পথে বসতে হবে।”

সাগরে যাওয়া বন্ধ, সংকটে জেলেরা

বৈরী আবহাওয়ায় মাছ ধরা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন জেলেরা।

জেলে পলাশ মাঝি ও জহিরুল ইসলাম বলেন, “সাগর ও নদী উত্তাল থাকায় নৌকা ও ট্রলার নিয়ে বের হওয়া যাচ্ছে না, ফলে আয় বন্ধ হয়ে গেছে। সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে।”

বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী বলেন, “ঘূর্ণিঝড়ের সতর্কতা জারির পর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলো নিরাপদে উপকূলে ফিরিয়ে আনা হয়েছে। সম্ভাব্য দুর্যোগ এড়াতে ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। এতে জেলেরা মাছ ধরতে না পেরে আর্থিক সংকটে পড়ছেন। দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকলে ট্রলার মালিকদের জ্বালানি, শ্রমিকের মজুরি ও অন্যান্য খরচ বহন করা কঠিন হয়ে পড়বে।”

আতঙ্কে বেড়িবাঁধের মানুষ

এদিকে বরগুনার ৭২ কিলোমিটার বেড়িবাঁধের ৪৪ কিলোমিটারই ঝুঁকিপূর্ণ। আতঙ্কে আছেন এসব এলাকার হাজার হাজার মানুষ। ভারী বৃষ্টি ও জোয়ারের পানি বাড়লে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকার শঙ্কা করছেন তারা।

তবে ভাঙন রোধে দুটি প্রকল্প অনুমোদন হয়েছে এবং দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পাউবোর নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান।

জেলা প্রশাসন জানিয়েছে, ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উপকূলের আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]