ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের প্রতারণার শিকার হয়েছেন এক বিদেশগামী। প্রতারকদের বিচার, হারানো টাকার কষ্ট থেকে মুক্তি এবং নিরাপদ বিদেশযাত্রার আকুতি জানিয়ে মহান আল্লাহর কাছে চিঠি লিখেছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া গেছে ওই চিঠি।
শনিবার (২১ নভেম্বর) সকালে ৪ মাস ২৪ দিন পর পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলা হয়। এসময় বিপুল পরিমাণ টাকা ও বিভিন্ন সামগ্রীর সঙ্গে পাওয়া যায় চিঠিটি।
চিঠিতে ওই বিদেশগামী তার ইউরোপযাত্রা সহজ ও নিরাপদ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। পাশাপাশি বাংলাদেশে ইউরোপের সব দেশের দূতাবাস ও ভিসা-সেবা নিশ্চিত করার আকুতি জানিয়েছেন তিনি। কোনো বিদেশগামী যেন দালালের প্রতারণার শিকার না হন, সে বিষয়েও প্রার্থনা করেছেন।
চিঠিতে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎকারীদের উপযুক্ত বিচার ও হেদায়েত কামনা করা হয়েছে। তার মতো প্রতারণার শিকার হয়ে আর কোনো পরিবার যেন নিঃস্ব না হয়, সেই আকুতিও তুলে ধরেছেন চিঠির লেখক।
এছাড়া প্রতারণায় হারানো টাকার শোক ও কষ্ট থেকে মুক্তি, ধৈর্য, মানসিক শান্তি এবং হালাল রিজিকের জন্য প্রার্থনা করেছেন তিনি। চিঠির শেষে নিজের পরিচয় দিয়েছেন ‘একজন প্রতারিত বিদেশগামী’ হিসেবে।
উল্লেখ্য, কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ নামাজ আদায়, দান ও মানত করতে আসেন। বিশেষ করে শুক্রবার মসজিদটিতে মুসল্লি ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটে। নানা আশা, আকাঙ্ক্ষা ও মনোবাসনা পূরণের প্রত্যাশায় দানবাক্সে টাকা-পয়সার পাশাপাশি অনেকে চিঠিও দেন। এসব চিঠিতে উঠে আসে মানুষের ব্যক্তিগত আবেগ, কষ্ট, প্রত্যাশা ও নানা না বলা কথা। দালালের প্রতারণার শিকার এক বিদেশগামীর এই চিঠিও যেন তেমনই এক বেদনার গল্প তুলে ধরেছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর