নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর এলাকার একটি ধানক্ষেত থেকে তৌহিদুল ইসলাম হৃদয় নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে অচেতন ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ থাকার দুই দিন পর শনিবার (২১ নভেম্বর) দুপুরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তৌহিদুল ইসলাম হৃদয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি বিভাগের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের আবাসিক ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বড়াইগ্রামের শিবপুর এলাকার ধানক্ষেতে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করে। তার কাছে থাকা পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। পরে মতিহার থানার মাধ্যমে তার পরিবার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়।
পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে রাজশাহীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এদিকে, শিক্ষার্থীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের খবর পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরিয়াল বডির সদস্যসহ প্রশাসনের প্রতিনিধিরা অ্যাম্বুলেন্স নিয়ে নাটোরে পৌঁছান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, রাতভর বৃষ্টিতে ভিজে থাকার কারণে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে। তবে বিশ্ববিদ্যালয় থেকে নিখোঁজ হওয়ার পর কীভাবে তিনি বড়াইগ্রামের শিবপুর এলাকায় পৌঁছালেন এবং কী কারণে ধানখেতে অচেতন অবস্থায় পড়ে ছিলেন, তা এখনো রহস্যের মধ্যে রয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর স্থানীয়দের সহযোগিতায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে তিনি অচেতন অবস্থায় ধানখেতে পড়ে ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর