যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার আশঙ্কা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারে দরপতনের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এক সপ্তাহে মূল্যবান এই ধাতুর দাম কমেছে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ, যা গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।
শুক্রবার (২০ নভেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫১৪ দশমিক ০৮ ডলারে দাঁড়ায়। দিনের লেনদেনে একপর্যায়ে দাম নেমেছিল ৩ হাজার ৫০২ দশমিক ৪৯ ডলারে। অন্যদিকে, ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ৪ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫১৫ দশমিক ৪০ ডলারে স্থির হয়।
হাই রিজ ফিউচারসের মেটাল ট্রেডিং বিভাগের পরিচালক ডেভিড মেগার বলেন, এআই-সংশ্লিষ্ট শেয়ারে দরপতনের কারণে বিনিয়োগকারীরা লোকসান পুষিয়ে নিতে স্বর্ণ বিক্রি করছেন।
শুক্রবার এআই খাতের শেয়ারে বিক্রির চাপ এবং বিনিয়োগকারীদের আস্থার সংকটে বিশ্বজুড়ে শেয়ারবাজারে দরপতন দেখা যায়। এর প্রভাব পড়ে যুক্তরাষ্ট্রের ফিউচার সূচকেও। এশিয়ার শেয়ারবাজারগুলোও ২০২০ সালের পর সবচেয়ে খারাপ সপ্তাহ পার করার পথে রয়েছে।
ডেভিড মেগার আরও বলেন, উচ্চ সুদের হার, শক্তিশালী মার্কিন ডলার এবং মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা—সব মিলিয়ে স্বর্ণের বাজারে নেতিবাচক চাপ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনাও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। শুক্রবার রুপার দাম ৪ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪০ দশমিক ৯৯ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ৩ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ২৯৬ দশমিক ৫০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ কমে ৮৯০ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে দেশের বাজারেও স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।
গত ২০ নভেম্বর সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বাজুসের এ দর অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের দাম আগের দরের তুলনায় ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমেছে।
সূত্র: রয়টার্স
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর