• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৯ সেকেন্ড পূর্বে
জি এম মাসুম বিল্লাহ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০৫:২৩ বিকাল

শ্যামনগরে নারীবান্ধব আশ্রয়কেন্দ্র, সংস্কার ও বাজেট বরাদ্দের দাবি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ৫টি সাইক্লোন শেল্টারের (ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র) কোনোটিই নারীবান্ধব স্তরে পৌঁছায়নি বলে এক সামাজিক নিরীক্ষায় উঠে এসেছে। আশ্রয়কেন্দ্রগুলোর এই বেহাল দশা নিরসনে জরুরি সংস্কার, বিশেষ বাজেট বরাদ্দ এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ইউডিএমসি) সভার এজেন্ডায় বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মুন্সিগঞ্জে প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের কার্যালয়ে আয়োজিত ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার : প্রতিটি নারীর জন্য নিরাপত্তা ও মর্যাদা’ শীর্ষক ক্যাম্পেইনে এই নিরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়। সুন্দরবন কোয়ালিশন ও প্রেরণা নারী উন্নয়ন সংগঠন যৌথভাবে এর আয়োজন করে।

অনুষ্ঠানে সচেতনতামূলক র‍্যালি, সামাজিক নিরীক্ষার (সোশ্যাল অডিট) ফলাফল উপস্থাপন, আলোচনা সভা এবং স্মারকলিপি পেশ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম।

আয়োজক সূত্রে জানা গেছে, শিক্ষক, জনপ্রতিনিধি, তরুণ ও নারী স্বনির্ভর দলের নেত্রীদের সমন্বয়ে গঠিত একটি নিরীক্ষা দল গত ১৮ ও ১৯ নভেম্বর মুন্সিগঞ্জ ইউনিয়নের ৫টি সাইক্লোন শেল্টার সরাসরি পরিদর্শন করে। ক্যাম্পেইনে নিরীক্ষা দলের পক্ষে রনজিৎ বর্মন প্রতিটি শেল্টারের বিরাজমান সমস্যা ও নিরীক্ষার ফলাফল উপস্থাপন করেন। পরে সমস্যাগুলো সমাধানে নিরীক্ষা দলের পক্ষ থেকে প্রধান অতিথি প্যানেল চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম এবং মুন্সিগঞ্জ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।

উদ্বোধনী বক্তব্যে প্রেরণার প্রকল্প ব্যবস্থাপক কার্তিক চন্দ্র বিশ্বাস নারীর নিরাপত্তা ও মর্যাদাকে কেন্দ্র করে আয়োজিত এই ক্যাম্পেইনের উদ্দেশ্য তুলে ধরেন। তিনি জানান, উপকূলীয় অঞ্চলের ২৫টি সংগঠনের সমন্বয়ে ‘সুন্দরবন কোয়ালিশন’ গঠিত হয়েছে। এ সময় তিনি প্রেরণার লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্যানেল চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বলেন, প্রেরণার এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ উপকূলীয় অঞ্চলের সাইক্লোন শেল্টারগুলোর প্রকৃত চিত্র ফুটিয়ে তুলেছে। আশ্রয়কেন্দ্রগুলোর এসব সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু এবং শিক্ষক আবুল কালাম। বক্তারা নারী বৈষম্য দূর করতে নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টা এবং প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]