• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০৫:৪১ বিকাল

থেমে আছে কাঠের সেতুর নির্মাণ কাজ, চরম ঝুঁকিতে চরাঞ্চলের মানুষ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মুরালী খোলা এলাকায় চরাঞ্চলের মানুষের যাতায়াতের দুর্ভোগ কমাতে কাঠের সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে প্রায় ৩০০ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণ কাজ অর্ধেক করেই ফেলে রাখা হয়েছে। এতে দুর্ভোগ কমার বদলে নতুন করে ঝুঁকিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, কৃষক ও শিক্ষার্থীরা।

স্থানীয়দের অভিযোগ, সেতুটির প্রায় ১৮০ মিটার অংশের নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকি প্রায় ১২০ মিটার এখনো অসমাপ্ত। ওই অংশে পিলার নির্মাণ করা হলেও বসানো হয়নি কাঠের পাটাতন। ফলে সেতুর ওপর দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন পথচারীরা। এ ছাড়া নির্মিত পিলারগুলোর স্থায়িত্ব ও কাঠামোর মজবুত নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থ বছরে রতনদিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে ৮ লাখ টাকা এবং উপজেলা পরিষদ থেকে ২ লাখ টাকা বরাদ্দ দিয়ে সেতুটির নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা ছিল। তবে বরাদ্দ ও নির্মাণ কাজের পরও সেতুটি এখনো পূর্ণাঙ্গভাবে নির্মিত হয়নি।

এলাকাবাসীর অভিযোগ, সেতুর একাংশে কাঠের পাটাতন বসানো থাকলেও বাকি অংশ অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। এতে চরাঞ্চলের বাসিন্দাদের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন ও শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

অনেককে কাদা-পানি পেরিয়ে কিংবা ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে শিশু, শিক্ষার্থী ও বয়স্ক ব্যক্তিদের দুর্ভোগ বেশি।

স্থানীয় হাসান আলী বলেন, আমাদের যাওয়া-আসার খুব সমস্যা। কোনো কিছু মাথায় নিয়ে আসতে পারি না। একজন মানুষ খালি হাতে কোনোমতে পার হতে পারে, মালামাল নিয়ে কীভাবে আসব? এইটাই আমাদের প্রাধান সমস্যা।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘এখানে রাস্তাঘাটের সমস্যা। ব্রিজ আছে, কিন্তু কাঠ দেওয়া নাই। অর্ধেক হয়েছে, ওঠানামার ব্যবস্থা নাই। খুব সমস্যা হচ্ছে।’

এক শিক্ষার্থী নাজমা আক্তার বলেন সেতুর অর্ধেক নির্মাণের পর বাকি অংশের কাজ আর হয়নি। সকালে প্রাইভেট পড়তে যেতে হয়, পরে সেখান থেকে ফিরে স্কুলে যেতে হয়। এই পথ দিয়ে প্রায় ৩০০ থেকে ৩৫০ জন শিক্ষার্থী চলাচল করে। সবাইকে সেতুতে ওঠানামা করতে কষ্ট হয়। হাতে কিছু নিয়ে চলাচল করাও ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে।

শুধু অসমাপ্ত সেতু নয়, নির্মিত অংশের কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, সেতুর পিলারগুলো যথেষ্ট মজবুত নয়। সেতুর মাঝখানে উঠলে এটি নড়াচড়া করে। পিলারগুলোর মধ্যে প্রয়োজনের তুলনায় বেশি দূরত্ব রাখা হয়েছে বলেও অভিযোগ তাদের। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের বরাদ্দ করা ২ লাখ টাকায় কাঠের পাটাতন নির্মাণের কাজ করার কথা ছিল। এ ছাড়া আনুষঙ্গিক কিছু কাজ করা হয়েছে। বাকি কাজ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন।

রতনদিয়া ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন বলেন, ‘তখন আমি ইউনিয়ন পরিষদে ছিলাম, ওইটুকু কাজ করেছিলাম। হয়তো আমি থাকলে আবার একটু একটু করে কাজ করতাম। এখন তো আমি আর দায়িত্বে নেই। টাকার অভাবে কাজটি অসমাপ্ত রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্ত্তৃপক্ষে জানাতে হবে, সেতুটি শেষ করা প্রয়োজন।

এ বিষয়ে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিম বলেন, সেতুটির কাজের বিষয়ে তারা খোঁজ নিচ্ছেন। কীভাবে দ্রুত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]