ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে শুরু হওয়া অসময়ের টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৃষকদের মাথায় হাত পড়েছে। মাঠে থাকা পাকা আমন ধান, সদ্য রোপণ করা শীতকালীন নানা শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় চরম দুশ্চিন্তায় দিন পার করছেন স্থানীয় চাষিরা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন কৃষি মাঠ ঘুরে দেখা গেছে, বর্তমানে মাঠজুড়ে সোনালি আমন ধান কাটার ধুম চলছিল। অনেক কৃষক ধান কেটে জমিতেই শুকানোর জন্য ফেলে রেখেছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে কাটা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। অন্যদিকে, যেসব জমির ধান এখনো কাটা হয়নি, দমকা হাওয়া ও বৃষ্টির পানিতে সেগুলো মাটিতে নুয়ে পড়েছে। আবার যে সকল জমিতে শীতকালীন শাকসবজি আলু, ফুলকপি, বাঁধাকপি, শিম ও সরিষার বীজ বপন করেছিলেন তাতে পানি জমে নষ্ট হয়ে যাচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নন্দীগ্রামে ১৯ হাজার ৫৪৫ হেক্টর জমিতে ধান, ৩ হাজার হেক্টর জমিতে আলু, ৪ হাজার হেক্টর জমিতে সরিষা, ২০৮ হেক্টর জমিতে মরিচ, ২০৩ হেক্টর জমিতে শাকসবজি এবং ৪ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ রয়েছে।
উপজেলার দোহার গ্রামের কৃষক কৃষ্ণ চন্দ্র বলেন, সারা বছরের পরিশ্রম আর ঋণের টাকায় ফসল ফলিয়েছিলাম। ধান কাটার সময়ের এই বৃষ্টি আমাদের পথে বসিয়ে দেওয়ার উপক্রম করেছে। জমিতে পানি জমে থাকায় ধান কাটা যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি খড় নষ্ট হওয়ায় গবাদি পশুর খাদ্য নিয়েও বিপাকে পড়তে হবে। আমার সাড়ে চার বিঘা জমির কাটা ধান এখন পানির নিচে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক বলেন, ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের তথ্য কৃষকদের আগেই সতর্কতামূলকভাবে জানানো হয়েছে। ধান পেকে গেলে দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ ধান কর্তন করা হয়েছে। বৃষ্টির কারণে আলু ও সরিষা চাষের কার্যক্রম কিছুটা পিছিয়ে যেতে পারে। তবে আবহাওয়া দ্রুত ভালো হলে কৃষকদের সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কম হবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর