• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০৭:১২ বিকাল

শেয়ার করা হেলমেট ব্যবহারে সংক্রমণের ঝুঁকি, যেসব সতর্কতা জরুরি

ছবি: সংগৃহীত

ঢাকার যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে বাইক রাইড শেয়ারিংয়ের জনপ্রিয়তা বাড়ছে। এই সেবা নিতে গিয়ে যাত্রীদের অধিকাংশকেই চালকের দেওয়া হেলমেট ব্যবহার করতে হয়। তবে একই হেলমেট প্রতিদিন একাধিক ব্যক্তি ব্যবহার করায় তৈরি হতে পারে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে অপরিষ্কার হেলমেট থেকে মাথার ত্বক ও মুখে বিভিন্ন ধরনের সংক্রমণের আশঙ্কা রয়েছে।

হেলমেটের ভেতরের অংশ সরাসরি মাথা, কপাল ও মুখের সংস্পর্শে আসে। ব্যবহারের সময় এতে ঘাম, ত্বকের তেল ও ময়লা জমে। নিয়মিত পরিষ্কার না করলে এসবের সঙ্গে ব্যাকটেরিয়া ও ছত্রাকও ছড়িয়ে পড়তে পারে। ফলে একই হেলমেট একাধিক ব্যক্তির ব্যবহারে জীবাণুর সংস্পর্শে আসার ঝুঁকি বাড়ে।

২০২১ সালে মাইক্রোঅর্গানিজমস জার্নালে প্রকাশিত নেপালের মোটরসাইকেল চালকদের ১৩০টি হেলমেট নিয়ে করা এক গবেষণায় ব্যাকটেরিয়া ও ছত্রাকের উপস্থিতি পাওয়া যায়। গবেষণায় ৩৯২ ধরনের ব্যাকটেরিয়া ও ৩৪৬ ধরনের ছত্রাক শনাক্ত করা হয়। এতে দেখা যায়, ব্যক্তিগত হেলমেটের তুলনায় একাধিক ব্যক্তি ব্যবহার করেন এমন হেলমেটে জীবাণুর পরিমাণ বেশি। নিয়মিত পরিষ্কার না করা হেলমেটেও জীবাণুর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

তবে হেলমেটে জীবাণু পাওয়া গেলেই তা ব্যবহারকারীর শরীরে সংক্রমণ ঘটাবে, এমনটি নিশ্চিত নয়। শেয়ার করা হেলমেটের মাধ্যমে মানুষের মধ্যে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কতটা, তা নিয়ে এখনও পর্যাপ্ত গবেষণা নেই।

অপরিষ্কার হেলমেটে যেসব স্বাস্থ্যঝুঁকি

নিয়মিত অপরিষ্কার হেলমেট ব্যবহারে মাথার ত্বকে অস্বস্তি ও আগে থেকে থাকা ত্বকের সমস্যা বেড়ে যেতে পারে। বিশেষ করে যাদের মাথার ত্বক সংবেদনশীল, আগে থেকেই কোনো সংক্রমণ রয়েছে কিংবা ত্বকের সমস্যা আছে, তাদের বাড়তি সতর্ক থাকা প্রয়োজন।

হেলমেটের ভেতরে জমে থাকা ঘাম, তেল ও ময়লা মাথার ত্বকে অস্বস্তি তৈরি করতে পারে। পাশাপাশি জীবাণুর সংস্পর্শে আসার ঝুঁকিও থাকে। তাই রাইড শেয়ারিংয়ের সময় হেলমেট ব্যবহারে পরিচ্ছন্নতার বিষয়টি গুরুত্ব দেওয়া জরুরি।

হেলমেট ব্যবহারে যেসব সতর্কতা মানবেন

বাইক রাইড শেয়ারিংয়ে নিয়মিত যাতায়াত করলে সম্ভব হলে নিজের হেলমেট ব্যবহার করাই ভালো। তবে তা সম্ভব না হলে কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে পারেন।

১. হেলমেট পরীক্ষা করুন: ব্যবহারের আগে হেলমেটের ভেতরের অংশ পরিষ্কার কি না দেখে নিন। ভেজা, দুর্গন্ধযুক্ত বা অতিরিক্ত নোংরা হেলমেট ব্যবহার করা থেকে বিরত থাকুন।

২. ব্যক্তিগত লাইনার ব্যবহার করুন: হেলমেটের ভেতরে পরিষ্কার ব্যক্তিগত লাইনার বা পাতলা টুপি ব্যবহার করতে পারেন। তবে এতে হেলমেটের ফিটিং ও নিরাপত্তা যেন ব্যাহত না হয়।

৩. ব্যবহারের পর পরিষ্কার করুন: নিজের হেলমেট অন্য কারও সঙ্গে ভাগাভাগি করলে প্রতিবার ব্যবহারের পর ভেতরের প্যাডিং পরিষ্কার ও ভালোভাবে শুকিয়ে নিন।

৪. নিয়মিত জীবাণুমুক্ত করুন: বাইকচালকদের হেলমেট নিয়মিত পরিষ্কার করতে হবে। এ ক্ষেত্রে হেলমেট প্রস্তুতকারকের দেওয়া নির্দেশনা অনুসরণ করা জরুরি।

৫. শুকনো রাখুন: প্রতিবার ব্যবহারের পর হেলমেট বাতাসে শুকিয়ে রাখুন। দীর্ঘ সময় ভেজা অবস্থায় থাকলে জীবাণু বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে।

পরিচ্ছন্নতার পাশাপাশি নিরাপত্তাও জরুরি

হেলমেট ব্যবহারের ক্ষেত্রে শুধু পরিচ্ছন্নতা নয়, নিরাপত্তার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। হেলমেটটি মাথায় সঠিকভাবে বসছে কি না এবং এর স্ট্র্যাপ ঠিকভাবে আটকানো আছে কি না, তা নিশ্চিত করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, সঠিকভাবে হেলমেট ব্যবহার করলে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানির ঝুঁকি ছয় গুণেরও বেশি কমানো সম্ভব। একই সঙ্গে মস্তিষ্কে আঘাতের ঝুঁকি কমতে পারে ৭৪ শতাংশ পর্যন্ত।

তাই অপরিষ্কার হেলমেট ব্যবহারের আশঙ্কায় হেলমেট পরা বন্ধ করা কোনো সমাধান নয়। বরং যাত্রী ও চালক—উভয়েরই হেলমেটের পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি এর সঠিক ব্যবহার ও নিরাপত্তার বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]