• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৪ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
বিনোদন ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০৭:২৬ বিকাল

মিস ইউনিভার্সের মঞ্চে দেশীয় ঐতিহ্যে নজর কাড়লেন মাহি

ছবি: সংগৃহীত

মায়ের শৈশব থেকে মাতৃত্ব, এরপর বার্ধক্য—জীবনের নানা পর্যায়ের গল্প ফুটে উঠেছে পিঠের বৃত্তাকার শিল্পকর্মে। পরনে লাল-সাদা কুমিল্লার ঐতিহ্যবাহী খাদির শাড়ি, সঙ্গে বাংলার সাবেকি নকশার সোনালি গয়না। দেশীয় ঐতিহ্য ও মায়ের চিরন্তন ভালোবাসার বার্তা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে হাজির হয়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি।

৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার জাতীয় পোশাক পর্বে ব্যতিক্রমী এই সাজে দর্শকদের নজর কাড়েন তিনি। ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হচ্ছে এবারের প্রতিযোগিতা। বাংলাদেশ সময় ২২ নভেম্বর ভোর পাঁচটায় জাতীয় পোশাক পর্বে অংশ নেন মাহি। তার পোশাকের মূল ভাবনা ছিল—‘মাতৃত্ব ভালোবাসার এক সর্বজনীন বন্ধন’।

মাহির শাড়িটি তৈরি হয়েছে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ে। এর নকশা করেছেন ডিজাইনার বিশ্বজিৎ মজুমদার। ১৬ গজ সুতির খাদি কাপড় দিয়ে তৈরি শাড়িটি মঞ্চে স্বাচ্ছন্দ্যে চলাফেরার সুবিধার জন্য রেডি-টু-ওয়্যার পদ্ধতিতে সাজানো হয়েছে। শাড়ির পাড়ে এমব্রয়ডারির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে শাপলা ফুলের নকশা। পাশাপাশি রয়েছে ব্লকপ্রিন্টের কাজ।

তবে পুরো সাজের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল মাহির পিঠে থাকা বৃত্তাকার শিল্পকর্ম। সেখানে তুলে ধরা হয়েছে একটি মেয়েশিশুর জীবনের তিনটি পর্যায়—শৈশব, মাতৃত্ব এবং বার্ধক্য। প্রথমে যে নারী শিশুকন্যা হিসেবে বেড়ে ওঠেন, একসময় তিনি নিজেই মা হন। জীবনের শেষ প্রান্তে এসে আবার মেয়ের কোলে আশ্রয় নেন। এই দৃশ্যের মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত মমতা, নির্ভরতা ও ভালোবাসার চিরন্তন সম্পর্ক তুলে ধরা হয়েছে।

ডিজাইনার বিশ্বজিৎ মজুমদার জানান, পুরো পোশাক ও শিল্পকর্ম তৈরির জন্য তিনি সময় পেয়েছিলেন মাত্র তিন দিন। এর মধ্যে দুই দিন ব্যয় করেছেন পিঠের বৃত্তাকার শিল্পকর্মটি তৈরিতে। আর শাড়িটি তৈরি করেছেন মাত্র এক দিনে।

ছবি: সংগৃহীত

খাদির শাড়ির সঙ্গে মাহির সাজে যুক্ত হয়েছিল সোনালি রঙের ঐতিহ্যবাহী গয়না। সীতাহার, কণ্ঠহার, বালা ও কাঁটানা ঝুমকার মতো বাংলার মায়েদের ব্যবহৃত অলংকার থেকে অনুপ্রেরণা নিয়ে এগুলোর নকশা করেছেন ডিজাইনার তন্বী কবির।

গয়নাগুলো তৈরিতে কাজ করেছেন নয়জন কারিগর। মাত্র সাত দিনে তারা মোট ৮৮০ কর্মঘণ্টা ব্যয় করে অলংকারগুলো তৈরি করেন। প্রতিটি গয়না তৈরি করা হয়েছে হাতে, নিপুণ কারুকাজে।

এদিকে শেষ মুহূর্তে মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হওয়ায় জাতীয় পোশাক প্রস্তুত ও সঙ্গে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সময়ের সীমাবদ্ধতা ছিল মাহির। এ পরিস্থিতিতে তার পোশাক ও সাজের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছেন ২০২৫ সালের মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা।

মাহি জানিয়েছেন, মিথিলার সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে পেরেছেন তিনি।

খাদি, শাপলা, বাংলার ঐতিহ্যবাহী অলংকার আর মাতৃত্বের চিরন্তন গল্প—সব মিলিয়ে মিস ইউনিভার্সের মঞ্চে মাহির এই আয়োজন হয়ে উঠেছে বাংলাদেশের সংস্কৃতি ও শিকড়কে তুলে ধরার এক বিশেষ উপস্থাপনা।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]