• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
মোঃ শাকিল শেখ
স্টাফ করেসপন্ডেন্ট (সাভার ও ধামরাই)
প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ০২:২১ দুপুর

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুর: টিয়ার গ্যাস নিক্ষেপ পুলিশের, বন্ধ ৪৬ কারখানা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঢাকার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও শ্রমিক বিক্ষোভ, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এ ঘটনায় অন্তত তিন শ্রমিক আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে শিল্পাঞ্চলের ৪৬টি কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।

সোমবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ গ্রুপের শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। পরে উত্তেজনা ছড়িয়ে পড়লে শ্রমিকদের একটি অংশ কারখানার সামনে সড়কে অবস্থান নেয় এবং একটি বাস ভাঙচুর করে। এ সময় আশপাশের কয়েকটি কারখানায়ও হাঙ্গামার চেষ্টা চালানো হয়।

আহত শ্রমিকরা হলেন সিরাতুব, রেখা ও সুইটি। তারা সবাই নিউ এইজ গ্রুপের কর্মী। আহতদের আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের বিক্ষোভের মুখে আশুলিয়া শিল্পাঞ্চলের ২১টি কারখানায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। আরও তিনটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে উৎপাদন বন্ধ রেখেছেন। এছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় আগে থেকেই ২২টি কারখানা বন্ধ রয়েছে। সব মিলিয়ে ৪৬টি কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকরা নির্ধারিত সময়ে কাজে যোগ দেন এবং কার্ড পাঞ্চ করে হাজিরা নিশ্চিত করেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটি কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কাজ বন্ধ করে নিজ নিজ কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন।

পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ গ্রুপের নিউ এইজ গার্মেন্টস, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড ও নিউ এইজ অ্যাপারেলসের শ্রমিকরা সকালে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়ার পর উৎপাদন বন্ধ রেখে নিজ নিজ ফ্লোরে অবস্থান নেন। সকাল পৌনে ৮টার দিকে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে যান। তবে শ্রমিকদের একটি অংশ কারখানার ১ নম্বর গেটের সামনে জড়ো হয়ে উত্তেজিত অবস্থায় স্লোগান দিতে থাকেন।

এ সময় সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে আলিফ পরিবহনের একটি বাস নিউ এইজ গ্রুপের সামনে দিয়ে যাওয়ার পথে শ্রমিকদের সঙ্গে বাসের যাত্রীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা বাসটির গ্লাস ভাঙচুর করেন। শ্রমিকদের একটি অংশ পাশের আল-মুসলিম গার্মেন্টস ও জনরন সোয়েটার ফ্যাক্টরিতে হাঙ্গামার চেষ্টা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের সতর্ক করে। পরে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ সময় দৌড়াদৌড়ির মধ্যে পড়ে গিয়ে এক নারী শ্রমিক মাথায় এবং অপর দুই শ্রমিক পায়ে আঘাত পান বলে জানান শিল্প পুলিশের এ কর্মকর্তা।

যেসব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে: সাদাতিয়া সোয়েটার লিমিটেড, স্টারলিং অ্যাপারেলস লিমিটেড, স্টারলিং ক্রিয়েশন লিমিটেড, হলিউড গার্মেন্টস লিমিটেড, মুন রেডিওয়্যারস লিমিটেড, বানদো ডিজাইন লিমিটেড, এ এম ডিজাইন লিমিটেড, ইয়াগী বাংলাদেশ গার্মেন্টস লিমিটেড, ভার্চুয়াল বটমস লিমিটেড, দি রোজ ড্রেসেস লিমিটেড, সেতারা গার্মেন্টস, আলপস অ্যাপারেলস লিমিটেড, নিউ এইজ গ্রুপ, ফ্যাশন ফোরাম, অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, ট্রাউজার লাইন লিমিটেড, আল-মুসলিম অ্যাপারেলস লিমিটেড, ওয়াইপি লিমিটেড, কমপ্লিট কম্পোজিট লিমিটেড ও উচু ফ্যাশন লিমিটেড।

শ্রমিকদের কাজ বন্ধ রেখে অবস্থান করা কারখানাগুলো হলো: ম্যাংগো টেক্স এবং সাদ গ্রুপের নাঈম নিটওয়্যার লিমিটেড ও সাদ ফ্যাশন লিমিটেড।

শ্রম আইনের ১৩(১) ধারায় আগে থেকেই বন্ধ থাকা কারখানাগুলো হলো: সুসুকা নিট লিমিটেড, রেডিয়ান্স ফ্যাশন লিমিটেড, ক্রিস্টাল কম্পোজিট লিমিটেড, আউটলেট স্টিচ লিমিটেড, গ্রিন লাইফ নিটেক্স লিমিটেড, মণ্ডল নিটওয়্যার লিমিটেড, হংকুন লেদার কোম্পানি লিমিটেড, সাবিহা অ্যাপারেলস, নিট এশিয়া লিমিটেড, মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট লিমিটেড, জিম্যাক্স ক্লোথিং লিমিটেড, টপ টেক্স সোয়েটার লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, ফুটস্টেপস বাংলাদেশ লিমিটেড, অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেড, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফ্যাশন ডট কম লিমিটেড, হামীম গ্রুপ, আর্টিস্টিক ডিজাইন লিমিটেড, এনভয় গ্রুপ ও নেক্সট কালেকশন লিমিটেড।

শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবির টহল জোরদার রয়েছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]