• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ০৫:৪১ বিকাল

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তি, পার্টস নেই বলে জানাল ‘ভিশন’

ছবি: সংগৃহীত

কাপড় ধোয়ার চাপ সামলাতে ভিশন ব্র্যান্ডের একটি ওয়াশিং মেশিন কেনেন রুকাইয়া সুলতানা মনিরা। কিন্তু কয়েক বছর পর যন্ত্রটিতে সমস্যা দেখা দেওয়ার পর থেকে তাঁর পরিবারের ভোগান্তি শুরু হয়। মনিরা জানান, একাধিকবার যোগাযোগ, টেকনিশিয়ান পাঠানো এবং যন্ত্রাংশ পরিবর্তনের পরও সমস্যার সমাধান হয়নি। পরে প্রয়োজনীয় পার্টস না থাকার কথা জানায় প্রস্তুতকারক প্রতিষ্ঠানের গ্রাহকসেবা বিভাগ।

রুকাইয়া সুলতানা মনিরার ভাষ্য, ২০২৫ সালের সেপ্টেম্বর, অক্টোবর কিংবা নভেম্বরের দিকে মেশিনটিতে সমস্যা দেখা দেয়। এরপর থেকে কয়েক দফায় অভিযোগ জানালেও এখনো সেটি সচল হয়নি। গত শীত মৌসুমে মেশিন ব্যবহার করতে না পেরে তাঁকে হাতে কাপড় ধুতে হয়েছে। নতুন শীত আসতে চললেও সমস্যার সমাধান হয়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের এই অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। তাঁর অভিযোগ, পণ্যটি মেরামতের জন্য বারবার তাঁকেই কোম্পানির গ্রাহকসেবা বিভাগ ও সংশ্লিষ্ট টেকনিশিয়ানের সঙ্গে যোগাযোগ করতে হয়েছে। নির্ধারিত সময়ে সেবা না পাওয়া, ফোনে সাড়া না দেওয়া এবং মেশিনের প্রকৃত ত্রুটি নির্ণয়ে কার্যকর উদ্যোগের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

রুকাইয়ার অভিযোগ, মেশিন চালু করলে পানি প্রবেশ করত। কিন্তু নির্দিষ্ট সময় পর পানি নেওয়া বন্ধ হওয়ার কথা থাকলেও তা বন্ধ হতো না। মেশিন চলার সময়ও অনবরত পানি পড়তে থাকত।

এ সমস্যার কথা জানিয়ে প্রথমে তাঁর স্বামীর নম্বর থেকে প্রাণ-আরএফএল গ্রুপের গ্রাহকসেবা বিভাগে ফোন করা হয়। সেখান থেকে নাটোরে একজন টেকনিশিয়ান পাঠানোর কথা জানিয়ে তিন দিনের সময় নেওয়া হয়।

পরে ওই টেকনিশিয়ান বাসায় গিয়ে মেশিন পরীক্ষা করে একটি পার্টস নষ্ট হয়েছে বলে জানান। সেটি পরিবর্তন করতে প্রায় দুই হাজার টাকা লাগবে বলে জানান তিনি।

রুকাইয়ার ভাষ্য, তাঁরা ওই টাকা টেকনিশিয়ানকে দেন। তিনি জানান, বগুড়ায় প্রতিষ্ঠানের অফিসে গেলে সেখান থেকে পার্টস নিয়ে এসে মেশিনে লাগিয়ে দেবেন। কিন্তু এরপর প্রায় এক মাস অপেক্ষা করতে হয় বলে অভিযোগ করেন রুকাইয়া। তাঁর দাবি, এ সময়ে টেকনিশিয়ান নিজে থেকে যোগাযোগ করেননি। তাঁকেই বারবার ফোন করতে হয়েছে। অনেক সময় ফোন রিসিভ করা হয়নি; কখনো ব্যস্ততা বা মিটিংয়ের কথা জানানো হয়েছে।

প্রায় এক মাস পর টেকনিশিয়ান পার্টস নিয়ে এসে মেশিনে লাগিয়ে দেন। তবে সেদিন বাসায় বিদ্যুৎ না থাকায় মেশিন চালিয়ে পরীক্ষা করা সম্ভব হয়নি বলে জানান রুকাইয়া।

পরে মেশিন চালু করলে পানি প্রবেশ করলেও ড্রাম প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। একপর্যায়ে মেশিন বন্ধ হয়ে যায় এবং ভেতরের পানি বের হয়নি। শেষ পর্যন্ত মগ দিয়ে হাতে পানি বের করতে হয় বলে তাঁর অভিযোগ।

নতুন সমস্যার কথা জানালে টেকনিশিয়ান আবার বাসায় আসেন। এবার তিনি মাদারবোর্ডে ত্রুটি রয়েছে বলে জানান। সেটি পরিবর্তন করতে প্রায় সাত হাজার টাকা লাগতে পারে বলে রুকাইয়াকে জানানো হয়।

রুকাইয়ার প্রশ্ন ছিল, প্রথমে যে সমস্যার জন্য পার্টস পরিবর্তন করা হলো, সেটির সমাধান হলো কি না; আর নতুন করে মাদারবোর্ড পরিবর্তন করলেই যে মেশিন ঠিক হবে, তার নিশ্চয়তা কী?

তাঁর ভাষ্য, প্রথম দফায় দুই হাজার টাকা খরচ করেও মেশিন সচল হয়নি। এরপর আরও সাত হাজার টাকা খরচ করে মাদারবোর্ড পরিবর্তনের পরও যদি সমস্যা থেকে যায়, তাহলে আবার অন্য যন্ত্রাংশ পরিবর্তনের কথা বলা হবে কি না, সে বিষয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন।

কয়েক মাস পর আবার অভিযোগ জানালে একই টেকনিশিয়ানকে পাঠানো হয় বলে দাবি করেন রুকাইয়া। টেকনিশিয়ান এবারও মাদারবোর্ড পরিবর্তনের কথা বলেন এবং মেশিন নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা জানান।

রুকাইয়া বলেন, তিনি মেশিনটি নিয়ে গিয়ে সার্ভিস সেন্টার বা অফিসে ভালোভাবে পরীক্ষা করে প্রকৃত সমস্যা শনাক্ত করার অনুরোধ করেছিলেন। কোন যন্ত্রাংশ পরিবর্তন করতে হবে, তা নিশ্চিত করে জানাতে বলেছিলেন। কিন্তু এরপরও মেশিন নেওয়ার ব্যবস্থা হয়নি বলে অভিযোগ তাঁর। টেকনিশিয়ানকে ফোন করেও অনেক সময় পাওয়া যায়নি। পরে যোগাযোগ হলে তিনি মিটিংয়ে থাকার কথা জানান এবং বগুড়ায় গিয়ে মেশিন নেওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। তবে শেষ পর্যন্ত মেশিন নেওয়া হয়নি।

রুকাইয়ার দাবি, এ সময়ে প্রাণ-আরএফএল গ্রুপের গ্রাহকসেবা বিভাগে একাধিকবার ফোন করে অভিযোগের অগ্রগতি জানতে চেয়েছেন তাঁরা। একপর্যায়ে তিনি নিজের নম্বর থেকে যোগাযোগ করলে তাঁর নামে কোনো অভিযোগ খুঁজে পাওয়া যায়নি। পরে স্বামীর নম্বর দিয়ে খোঁজ নিতে বললে একটি সাম্প্রতিক অভিযোগের তথ্য পাওয়া যায়। এরপর আগের অভিযোগটিও খুঁজে পাওয়া যায়।

এ সময় ক্ষোভ প্রকাশ করে তিনি গ্রাহকসেবা বিভাগের কর্মীকে বলেন, তাঁর সন্তান এক বছর বড় হয়ে গেছে, কিন্তু মেশিনের সমস্যার সমাধান হয়নি।

রুকাইয়ার ভাষ্য, সর্বশেষ প্রাণ-আরএফএল গ্রুপের হেড অফিস থেকে তাঁর স্বামীর কাছে ফোন করে জানানো হয়, মেশিনটির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ বর্তমানে প্রতিষ্ঠানের কাছে নেই।

তবে ওই যন্ত্রাংশ আদৌ মেশিনটির জন্য প্রয়োজন কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, মেশিনটি নিয়ে পরীক্ষা না করেই শুধু একজন টেকনিশিয়ানের বক্তব্যের ভিত্তিতে মাদারবোর্ড পরিবর্তনের কথা বলা হচ্ছে। অথচ অন্য কোনো টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা বা সার্ভিস সেন্টারে নিয়ে প্রকৃত ত্রুটি শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়নি।

রুকাইয়া জানান, প্রয়োজনীয় পার্টস না থাকলে কিংবা মেশিনটি মেরামত করা সম্ভব না হলে সেটি পরিবর্তনের কোনো ব্যবস্থা আছে কি না, তা জানতে চেয়েছিলেন তিনি। প্রয়োজনে দামের পার্থক্য পরিশোধ করে অন্য একটি মেশিন নিতে রাজি ছিলেন বলেও জানান। কিন্তু এ বিষয়ে কোনো স্পষ্ট উত্তর পাননি বলে অভিযোগ তাঁর।

রুকাইয়ার বক্তব্য, তিনি বিনামূল্যে নতুন মেশিন চাননি। নিজের অর্থে কেনা পণ্যটি নষ্ট হওয়ার পর সেটি মেরামতের জন্যই বারবার যোগাযোগ করেছেন। তাঁর মতে, পণ্য বিক্রির পর বিক্রেতা বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানেরও গ্রাহকসেবা ও প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহের দায়িত্ব রয়েছে।

দুই ছোট সন্তানের কাপড় ধোয়ার কষ্ট কমাতে মেশিনটি কিনেছিলেন জানিয়ে তিনি বলেন, অসুস্থতার কারণে তাঁর পক্ষে নিয়মিত হাতে কাপড় ধোয়া কঠিন। সংসারের কাজ, সন্তানদের দেখাশোনা এবং নিজের ব্যবসা সামলানোর পাশাপাশি প্রতিদিন চারজনের কাপড় হাতে ধোয়া তাঁর জন্য বড় চাপ। মেশিন নষ্ট থাকায় অনেক সময় শিশুদের কাপড় পাঁচ থেকে সাত দিন পর্যন্ত জমে থাকে।

তাঁর অভিযোগ, মেশিনটি কেনার পর যে সুবিধা পাওয়ার কথা ছিল, তা না পেয়ে উল্টো দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। আর বারবার যোগাযোগ করতে করতে এখন তিনি ক্লান্ত।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]