• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২১ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ০৫:৫৫ বিকাল

প্রথম শ্রেণির পৌরসভা, তবু সড়কে দুর্ভোগে পাংশার বাসিন্দারা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

প্রথম শ্রেণির পৌরসভা হলেও সীমাহীন নাগরিক দুর্ভোগ আর ভোগান্তি চরমে রাজবাড়ী জেলার পাংশা পৌর বাসীর। পৌরসভার অধিকাংশ সড়কই দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়ক গুলোতে বড় বড় গর্ত ও খানাখন্দ থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

জানা যায়, ১৯৯০ সালে পাংশা ইউনিয়ন পরিষদ পৌরসভার স্বীকৃতি পায়। পরবর্তীতে ২০১৮ সালে পৌরসভাটি প্রথম শ্রেণিতে উন্নীত হয়। তবে ৯ বছর পার হলেও নাগরিক সেবার কাঙ্ক্ষিত মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। বিশেষ করে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলোর বেহাল দশা এখন স্থানীয়দের দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা যায়, মৈশালা বাজার থেকে মৈশালা বড়গাছি বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কটিতে রয়েছে অসংখ্য ছোট বড় গর্ত। এই সড়কের পাশেই রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা ও অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান।

উপজেলার দক্ষিণাঞ্চলের হাজারো মানুষ এই সড়ক দিয়েই প্রতিদিন শহরে প্রবেশ করে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি।

একই অবস্থা পাংশা রেলগেট থেকে টেম্পুস্ট্যান্ড পর্যন্ত সড়কের। সড়কটিতে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সড়কটি দিয়ে প্রতিদিন অসুস্থ গৃহপালিত পশু নিয়ে পশু হাসপাতালে আসেন জনসাধারণ। এ সড়কে রয়েছে বে সরকারি ক্লিনিক যেখানে প্রতিদিন শত শত রোগী চিকিৎসাসেবা নেন।

পাংশা মহিলা কলেজ, আইডিয়াল গার্লস কলেজ, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ ও কাজী আব্দুল মাজেদ একাডেমির শিক্ষার্থীসহ সেবা প্রত্যাশী নাগরিকগণ পাংশা মডেল থানায় নিয়মিত যাতায়াত করেন এ সড়ক দিয়েই।

টেম্পুস্ট্যান্ড থেকে পাংশা সরকারি কলেজ হয়ে শিল্পকলা মোড় পর্যন্ত সড়কটিরও বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ । সড়কটি দিয়ে পাংশা সরকারি কলেজ, পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়, পাংশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালযের শিক্ষার্থীরা এবং স্থানীয় হাজারো মানুষের যাতায়াত এ পথেই। অতীব জরুরি এই সড়কটির বর্তমান বেহাল অবস্থা।

উপজেলা থেকে বারেক মোড় সড়কটি দীর্ঘ ধরে সংস্কারের অপেক্ষায় রয়েছে, এ সড়কে ঠিকাদারি প্রতিষ্ঠান কিছু কাজ করলেও দীর্ঘ সময় পড়ে রয়েছে।

এ ছাড়া পাংশা স্টেশন বাজার সড়কেও রয়েছে অসংখ্য খানাখন্দ। সামান্য বৃষ্টি হলেই এই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে করে বাজারের ব্যবসায়ী ও আগত ক্রেতাদের পড়তে হয় বিপাকে। এলাকাবাসীর চাওয়া দ্রুত সংস্কার করা হোক সড়কগুলো।

স্থানীয় বাসিন্দা স্কুল শিক্ষক রবিউল ইসলাম বলেন প্রতিদিনের জীবনযাত্রায় সড়কের বেহাল দশার কারনে সময় যেমন অপচয় হয় তেমনি শারীরিক ক্ষতিও হচ্ছে। আমরা এর থেকে পরিত্রাণ চাই।’

ভ্যান ও অটোরিকশাচালকরা জানান, এসব সড়ক দিয়ে প্রতিদিন যাত্রী ও মালামাল পরিবহন করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়। গর্তে চাকা পড়ে প্রায়ই উল্টে যাওয়ার উপক্রম হয় ও বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি হয়। যাত্রীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। সড়কগুলো দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

অটো রিকশাচালক আক্কাস আলী বলেন, ‘এই রাস্তার অবস্থা এমন হয়েছে যে, এখন আর যাওয়া যায় না। প্রায়ই বিয়ারিং নষ্ট এবং চাকা লিক হয়ে যায়।

ভ্যানচালক মো. আরিফ বলেন,এই রাস্তা দিয়ে প্রতিদিন ভ্যান চালাই। রাস্তার মধ্যে এত গর্ত যে যাত্রী নিয়ে চলাচল করা খুবই কষ্টকর। রোগী নিয়ে হাসপাতালে যেতেও চরম দুর্ভোগে পড়তে হয়। একটু অসতর্ক হলেই দুর্ঘটনা ঘটতে পারে। ভাঙাচোরা এই রাস্তা দিয়ে চলাচলের কারণে ঝাঁকুনিতে কোমর ব্যথা হয়ে যায়। বর্তমানে যে টাকা ভাড়া মারি তার অর্ধেক ভ্যান সারতেই চলে যায়।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে টাকা দিয়ে পৌরসভার লাইসেন্স করে ভ্যান চালাতে হচ্ছে। কিন্তু রাস্তা গুলোর বেহাল দশা। আমরা চাই দ্রুত রাস্তাগুলো সংস্কার করা হোক।’

শিক্ষার্থীরা জানান, প্রতিদিন স্কুল-কলেজে যাতায়াতের সময় এসব ভাঙাচোরা সড়ক পেরোতে হয়। বৃষ্টি হলে গর্তে পানি জমে থাকায় কোথায় গর্ত আর কোথায় ভালো রাস্তা, তা বোঝা যায় না। ফলে পোশাক নষ্ট হওয়া থেকে শুরু করে দুর্ঘটনার ঝুঁকিও থাকে। আবার সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতেও সমস্যায় পড়তে হয় তাদের।

অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানান, সড়কের বেহাল অবস্থার কারণে বাজারে আগতদের চলাচলে সমস্যা হচ্ছে। বিশেষ করে বৃষ্টির দিনে পানি জমে থাকায় দোকানে ক্রেতা কমে যায়। পণ্য পরিবহনেও বাড়তি সময় ও খরচ গুনতে হচ্ছে। এতে ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।

ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, ‘রাস্তাগুলোর এমন দশার কারণে আমাদের ব্যবসায় অনেক সমস্যা হচ্ছে। ক্রেতারা স্বাচ্ছন্দ্যে বাজারে আসতে পারেন না। পণ্য আনা-নেওয়াও কষ্টকর। পৌর কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, দ্রুত এসব সড়ক সংস্কারের ব্যবস্থা করা হোক।

পৌরসভার এসব সড়ক ছাড়াও নারায়ণপুর দত্তপাড়া, মৈশালা কর্ম কারপাড়া, মৈশালা ঋষিপাড়া সড়কসহ বেশ কয়েকটি সড়ক সংস্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

স্থানীয়দের দাবি, পাংশা পৌরসভার গুরুত্বপূর্ণ এসব সড়ক দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। পাশাপাশি বৃষ্টির পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পাংশা পৌর সভার প্রশাসক মো. রিফাতুল হক বলেন, ইতোমধ্যে তিনটি সড়ক মেরামতের জন্য ঠিকাদারের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। শিগগিরই সড়ক গুলোর কাজ শুরু হবে।

পৌরবাসীর প্রত্যাশা, প্রথম শ্রেণির পৌরসভায় যেন শ্রেণি অনুযায়ীই সকল সেবা নিশ্চিত করা হয়। নাগরিক দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]