• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪৫ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০৩:৫৩ দুপুর

জিয়াউল আহসানের মামলায় যুক্তিতর্ক শুরু, ট্রাইব্যুনালে উঠে এলো গুম-হত্যার ভয়াবহ বর্ণনা

ছবি: সংগৃহীত

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু হয়েছে। প্রথম দিনের যুক্তিতর্কে হত্যাকাণ্ডের ভয়াবহ বিবরণ তুলে ধরেছে প্রসিকিউশন। অভিযোগ অনুযায়ী, গুলি করে হত্যার পর মরদেহের পেট কেটে নাড়িভুঁড়ি বের করা হতো। এরপর সিমেন্টভর্তি বস্তা বেঁধে মরদেহ ফেলে দেওয়া হতো নদীতে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। বেলা সোয়া ১১টার পর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের পক্ষে যুক্তি তুলে ধরেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শুরুতে মামলার ঘটনাপ্রবাহ তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এরপর তিনি জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের সাক্ষ্য এবং মামলার ১৩তম সাক্ষী সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দির বিভিন্ন অংশ পড়ে শোনান।

প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, হত্যার সময় নিজের শরীরে রক্তের ছিটা এড়াতে বালিশ ব্যবহার করতেন জিয়াউল আহসান। নৌকায় নিয়ে গিয়ে গুলি করার পর ভুক্তভোগীর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে দেওয়ার ঘটনাও তুলে ধরা হয়। এ সময় একজন গুলি করতেন, অন্যজন পেট কাটতেন বলে অভিযোগ করা হয়েছে।

এসব ঘটনার বর্ণনা দিতে গিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ঘটনাগুলো তুলে ধরতে গিয়ে তাঁর নিজেরও গা শিউরে উঠছে। তাঁর ভাষ্য, এসব বিবরণ থেকে হত্যাকাণ্ডের নৃশংসতা সম্পর্কে ধারণা পাওয়া যায়।

গত ১৭ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে জবানবন্দি দেন মামলার ১৩তম সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী। র‍্যাবে দায়িত্ব পালনকালে ২০১০ সালের মে থেকে ২০১২ সাল পর্যন্ত বরগুনার পাথরঘাটা ও সুন্দরবন এলাকায় কথিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিবরণ দেন তিনি। এসব ঘটনায় তৎকালীন র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসানের নেতৃত্ব ও নির্দেশনা ছিল বলে জবানবন্দিতে উল্লেখ করেন সাব্বির।

সাক্ষীর বর্ণনা অনুযায়ী, ২০১০ সালের জানুয়ারির দিকে এক রাতে সরকারি গাড়ি ও একটি মাইক্রোবাস নিয়ে বরিশাল ব্যাটালিয়ন সদরে যান জিয়াউল আহসান। পরে সাব্বিরকে সঙ্গে নিয়ে পাথরঘাটার চরদুয়ানী ঘাটে পৌঁছান তিনি। সেখানে র‍্যাবের গোয়েন্দা শাখার সদস্যরা আগে থেকেই একটি ট্রলার প্রস্তুত রেখেছিলেন।

ঢাকা থেকে আসা গোয়েন্দা শাখার সদস্যরা মাইক্রোবাস থেকে নেমে ট্রলারে ওঠেন। এ সময় হাত বাঁধা ও মাথায় কালো টুপি পরানো এক ব্যক্তিকেও ট্রলারে তুলে রাখা হয়।

সাব্বির রহমানের জবানবন্দি অনুযায়ী, জিয়াউল আহসানের নির্দেশে ট্রলারটি চরদুয়ানী খাল থেকে মোহনার দিকে রওনা হয়। প্রায় তিন ঘণ্টা চলার পর হাত বাঁধা ব্যক্তিকে ট্রলারের ভেতর থেকে বের করার নির্দেশ দেওয়া হয়। পরে র‍্যাবের চার সদস্য তাঁর গলা ও পায়ের কাছে সিমেন্টভর্তি দুটি বস্তা বেঁধে দেন। মাথা ও কান বরাবর ছোট একটি বালিশ ঠেকিয়ে পিস্তল দিয়ে গুলি করা হয়। এরপর তাঁর পেট কেটে ফেলা হয় বলে অভিযোগ করেন সাক্ষী।

তিনি আরও জানান, একজন র‍্যাব সদস্য নিজের হাত ঢুকিয়ে গুলিবিদ্ধ ব্যক্তির পেট কাটার বিষয়টি নিশ্চিত করতেন। পরে পানির গভীরতা ও জোয়ার-ভাটার পরিস্থিতি বিবেচনা করে ট্রলারের গতি কমানোর নির্দেশ দেওয়া হতো। এরপর সিমেন্টভর্তি বস্তাসহ মরদেহ নদীতে ফেলে দেওয়া হয় বলে জবানবন্দিতে উল্লেখ করেন তিনি।

ঘটনার পর বরিশালের উদ্দেশে ফেরার পথে জিয়াউল আহসান সংশ্লিষ্ট ব্যক্তিদের রাষ্ট্রের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছিলেন বলেও দাবি করেন সাব্বির। ২০১০ সালের মে মাসের দিকে একই ধরনের আরেকটি অভিযানে চারজনকে হত্যার বিবরণও দেন তিনি।

সাক্ষীর ভাষ্য অনুযায়ী, ওই ঘটনার দুই থেকে তিন মাস পর গোয়েন্দা তথ্যের মাধ্যমে তিনি জানতে পারেন, পেট কাটা অবস্থায় উদ্ধার হওয়া মরদেহের ডিএনএ পরীক্ষায় সেটিকে সাবেক বিজিবি সদস্য নজরুল ইসলাম হিসেবে শনাক্ত করা হয়েছিল।

জবানবন্দিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ট্রলারের মাঝি আলকাছের প্রসঙ্গও তুলে ধরেন সাব্বির রহমান। তাঁর দাবি, ২০১১ সালের জুনে জিয়াউল আহসান তাঁকে ফোন করে জানান, আলকাছ মাঝি চরদুয়ানী বাজারে কথিত ‘গলফ অপারেশন’ সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করছেন। এতে র‍্যাবের নিরাপত্তাঝুঁকি তৈরি হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এরপর আলকাছ মাঝিকে ‘এলিমিনেট’ করার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জবানবন্দিতে উল্লেখ করেন সাব্বির।

শুধু পাথরঘাটার চরদুয়ানী নয়, সুন্দরবনেও একই ধরনের অভিযান পরিচালনার কথা জানান সাবেক এই সেনা কর্মকর্তা। তাঁর দাবি, জিয়াউল আহসানের পরিকল্পনা ও নির্দেশনায় সুন্দরবনকেন্দ্রিক তিনটি কথিত ‘এনকাউন্টার’ অভিযানের ঘটনা তিনি প্রত্যক্ষ করেন।

সাব্বির রহমান জানান, এসব ঘটনার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। প্রতিকার না পেয়ে একপর্যায়ে স্বেচ্ছায় অবসরের আবেদন করেন। চাকরির ১৮ বছর পূর্ণ হওয়ার পর র‍্যাব থেকে নিজ বাহিনীতে ফিরে যান বলেও জবানবন্দিতে উল্লেখ করেন তিনি।

মামলার প্রথম দিনের যুক্তিতর্ক চলাকালে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী, তাসমিরুল ইসলাম ও আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরাও আদালতে উপস্থিত ছিলেন।

নিরাপত্তাজনিত কারণে মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান সশরীরে ট্রাইব্যুনালে হাজির না হয়ে ভার্চুয়ালি যুক্ত হন। তাঁর পক্ষে আদালতে ছিলেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার।

উল্লেখ্য, মামলার এসব নৃশংসতার বিবরণ প্রসিকিউশনের যুক্তিতর্ক এবং সাক্ষীর জবানবন্দিতে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। এগুলো আদালতের চূড়ান্ত রায় নয়।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]