রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় আরেক শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদ্ঘাটন, পরিকল্পনাকারীদের শনাক্ত এবং অস্ত্র উদ্ধারের লক্ষ্যে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য এ রিমান্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির রমনা বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান সুইডেন আসলামের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার সুষ্ঠু তদন্ত, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, ঘটনার নেপথ্যে থাকা ইন্ধনদাতাদের শনাক্ত এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া মামলার অন্য গ্রেপ্তার ও পলাতক আসামিদের অবস্থান শনাক্ত করে তাঁদের গ্রেপ্তারের জন্যও তাঁকে জিজ্ঞাসাবাদ জরুরি।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সুইডেন আসলামকে আদালতে হাজির করা হয়। পরে তাঁকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানির আগে বিকেল পৌনে ৫টার দিকে কড়া পুলিশি নিরাপত্তায় তাঁকে এজলাসে তোলা হয়।
শুনানিতে তদন্ত কর্মকর্তা রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে বক্তব্য দেন। অন্যদিকে আসামিপক্ষে অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম রিমান্ড বাতিলের পাশাপাশি জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
যেভাবে খুন হন টিটন
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের বটতলায় গুলি করে টিটনকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।
এজাহার অনুযায়ী, টিটনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খাপুরা এলাকায়। দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ১৩ আগস্ট আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। এরপর ঢাকার হাজারীবাগের সুলতানগঞ্জ এলাকায় একটি বাসায় বসবাস শুরু করেন।
এজাহারে বাদী উল্লেখ করেন, পরিবারের আর্থিক ক্ষতির জন্য অনুশোচনা প্রকাশ করে বড় ভাইয়ের সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন টিটন। নতুন করে ব্যবসা শুরুর পরিকল্পনাও করছিলেন তিনি। এ সময় একটি গরুর হাটের ইজারার শিডিউল কেনার বিষয়েও বড় ভাইকে জানিয়েছিলেন।
গরুর হাটের ইজারা নিয়ে বিরোধকে হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে এজাহারে উল্লেখ করা হয়েছে। এতে অভিযোগ করা হয়, ইজারা নিয়ে ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল বা কাইল্লা বাদল, শাজাহান এবং রনি ওরফে ভাঙ্গারি রনিসহ কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধ তৈরি হয়েছিল।
এজাহারের বর্ণনা অনুযায়ী, ২৭ এপ্রিল টিটন তাঁর বড় ভাইকে ফোন করে জানান, প্রতিপক্ষের লোকজন তাঁকে ডেকেছে এবং আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসা করতে চায়। এর পরদিন ২৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের বটতলার পাকা সড়কে তাঁর ওপর হামলা চালানো হয়।
অভিযোগে বলা হয়, মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী এবং তাঁদের সঙ্গে থাকা আরও পাঁচ থেকে সাতজনের পরিকল্পনায় টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে যশোর থেকে ঢাকায় আসেন মামলার বাদী। ২৯ এপ্রিল ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পৌঁছে ভাইয়ের মরদেহ শনাক্ত করেন তিনি। পুলিশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময়ও উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে মামলা করতে কিছুটা বিলম্ব হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
গোয়েন্দা সূত্রের বরাতে জানা যায়, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের অন্যতম আলোচিত ও আতঙ্কের নাম ছিলেন তিনি। তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আসলাম দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান।
তাঁর প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। বাবার নাম শেখ জিন্নাত আলী। পৈতৃক নিবাস ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায় হলেও রাজধানীর ইন্দিরা রোডে বেড়ে ওঠেন তিনি।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
আইন ও আদালত এর সর্বশেষ খবর