• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান জসিম
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০২:৫৮ দুপুর

ভুল পরিচয়ে ১৮ বছর কারাবাস: চার সপ্তাহের প্যারোলে মায়ের কাছে ফিরলেন মোংলার বাদল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

একটি ভুল পরিচয়ের অভিযোগ, একটি হত্যা মামলা আর দীর্ঘ ১৮ বছরের বন্দি জীবন। জীবনের যে সময়টাতে স্বপ্ন দেখার কথা, পরিবার নিয়ে পথচলার কথা, সেই সময় কেটেছে কারাগারের চার দেয়ালে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের কাছে ফিরেছেন মোংলার বাদল ফরাজী। তবে এই ফেরা স্থায়ী নয়। মাত্র চার সপ্তাহের প্যারোলে বাড়ি ফিরেছেন তিনি। সময় শেষে তাঁকে আবারও ফিরতে হবে কারাগারে।

মঙ্গলবার দীর্ঘ বন্দি জীবনের অবসান ঘটিয়ে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পান বাদল। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে সকালে মুক্তির পর পুলিশি নিরাপত্তায় তাঁকে বাগেরহাটে নেওয়া হয়। প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম শেষে রাত ১০টা ৪৫ মিনিটে মোংলা পৌরসভার কুমারখালী এলাকার নিজ বাড়িতে পৌঁছান তিনি। দীর্ঘদিন পর ছেলেকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। অসুস্থ মায়ের কাছে এই ফিরে আসা যেন দীর্ঘ অপেক্ষার পর পাওয়া এক টুকরো স্বস্তি।

কিন্তু পরিবারের আনন্দের সঙ্গে মিশে আছে উৎকণ্ঠা। কারণ, চার সপ্তাহ পর কী হবে, তা এখনো অনিশ্চিত। পরিবারের সদস্যদের দাবি, সাময়িক প্যারোল নয়, তাঁরা বাদলের স্থায়ী মুক্তি চান। জীবনের মূল্যবান ১৮টি বছর হারানোর পর অন্তত বাকি জীবনটুকু যেন মা ও স্বজনদের সঙ্গে কাটাতে পারেন, সেটিই তাঁদের প্রত্যাশা।

বাদলের মা শেফালী বেগম বলেন, ‘আমি আমার ছেলের স্থায়ী মুক্তি চাই, যেন আমার ছেলে সারা জীবন আমার সঙ্গে থাকতে পারে। সরকারের কাছে আমার এটাই আবেদন। ওর বাবা মারা গেছে। আমি মৃত্যুর পথে। কখন মারা যাই বলতে পারি না। আমার ছেলেটার সামনে আমি মরতে চাই।’

বাদলের বড় বোন আকলিমা বেগম বলেন, মায়ের অসুস্থতার কথা বিবেচনা করে তাঁরা প্যারোলের আবেদন করেছিলেন। সরকার চার সপ্তাহের জন্য মুক্তি দিয়েছে। এখন তাঁদের দাবি, ভাইকে স্থায়ীভাবে মুক্তি দেওয়া হোক।

তাজমহল দেখার স্বপ্ন থেকে কারাগারে

২০০৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় পর্যটক ভিসায় ভারতে গিয়েছিলেন বাদল ফরাজী। উদ্দেশ্য ছিল আগ্রার ঐতিহাসিক তাজমহল দেখা। কিন্তু সেই ভ্রমণই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। দিল্লির লাজপত নগরে নির্মলা মাদান নামে ৭১ বছর বয়সী এক নারী হত্যার ঘটনায় অভিযুক্ত বাদল সিংয়ের সঙ্গে নামের মিল থাকায় তিনি ভুল পরিচয়ে আটক হন বলে অভিযোগ রয়েছে।

বাদল শুরু থেকেই দাবি করে আসছেন, ওই হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি প্রকৃত অভিযুক্ত নন, নামের বিভ্রান্তির কারণেই তাঁকে মামলায় জড়ানো হয়েছে। কিন্তু তাঁর এই দাবি শেষ পর্যন্ত বিচারিক প্রক্রিয়ায় স্বীকৃতি পায়নি। ২০১৫ সালের জুলাইয়ে দিল্লির একটি আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেন। পরের মাসে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। পরে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।

ভারতের কারাগার থেকে বাংলাদেশের কারাগার

বাদলকে জীবনের প্রায় ১০ বছর কাটাতে হয় ভারতের তিহার কারাগারে। ২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। স্বজনদের আশা ছিল, দেশে ফিরলে হয়তো মুক্তির পথ সহজ হবে। কিন্তু সেই আশা পূরণ হয়নি। ঢাকার কেন্দ্রীয় কারাগার হয়ে তাঁকে নেওয়া হয় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে। সেখানেও কেটে যায় আরও দীর্ঘ সময়।

কারাগারের কঠিন পরিবেশেও থেমে থাকেনি তাঁর পড়াশোনা। বন্দি জীবনের মধ্যেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষা সম্পন্ন করেন তিনি। অন্যদিকে তাঁর মুক্তির দাবিতে বিভিন্ন সময়ে মানবাধিকার কর্মী, আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন মহল থেকে উদ্যোগ নেওয়া হয়। তবুও দীর্ঘ দিন মুক্তির পথ খুলছিল না। এই দীর্ঘ সময়ে বাদলের পরিবারেও নেমে আসে শোক ও দুর্ভোগ। কারাগারে থাকা অবস্থায় মারা যান তাঁর বাবা। অন্যদিকে বৃদ্ধ ও অসুস্থ মা ছেলের ফিরে আসার অপেক্ষায় দিন কাটাতে থাকেন।

সাময়িক মুক্তি, স্থায়ী মুক্তির অপেক্ষা

দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার পর অবশেষে মানবিক বিবেচনায় চার সপ্তাহের প্যারোলে মুক্তির ব্যবস্থা হয়। ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ জানানো হয়। পরে ২৪ নভেম্বর সকালে কাশিমপুর কারাগার থেকে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পান বাদল।

তাঁর এই ফিরে আসা শুধু একটি পরিবারের পুনর্মিলন নয়, দীর্ঘদিন ধরে চলা মুক্তির প্রত্যাশারও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে চার সপ্তাহের প্যারোল শেষ হওয়ার পর তাঁর ভবিষ্যৎ কী হবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। পরিবারের প্রত্যাশা, বাদলের দীর্ঘ বন্দিজীবনের বিষয়টি মানবিক ও আইনগতভাবে বিবেচনা করে স্থায়ী মুক্তির ব্যবস্থা করা হবে। জীবনের ১৮টি বছর যাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, তাঁকে যেন বাকি জীবনটুকু অন্তত স্বাভাবিকভাবে বেঁচে থাকার সুযোগ দেওয়া হয়। মোংলার এই পরিবারের কাছে এখন চার সপ্তাহের আনন্দের চেয়েও বড় হয়ে উঠেছে একটি প্রত্যাশা—মায়ের কাছে ফিরে আসা বাদলকে যেন আর কখনো কারাগারে ফিরে যেতে না হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]