স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে সাইবার প্রতারণা। কোনো পিন বা ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) না দিয়েও হঠাৎ ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার (এমএফএস) অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। কখনো সফটওয়্যার আপডেটের ভুয়া বার্তা, কখনো এসএমএসের লিংক, আবার কখনো ক্ষতিকর অ্যাপের মাধ্যমে ফোনে প্রবেশ করছে তারা। ফলে ব্যবহারকারী কিছু বুঝে ওঠার আগেই উধাও হয়ে যাচ্ছে অ্যাকাউন্টে থাকা টাকা।
সম্প্রতি আইটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে, দেশে এ ধরনের সাইবার প্রতারণার একাধিক ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ২ জুন এক ব্যক্তির ফোনে সফটওয়্যার আপডেটের বার্তা আসে। সেখানে ক্লিক করার পর ফোনের ডিসপ্লে বন্ধ হয়ে যায়। পরে ফোন সচল হলে তিনি দেখতে পান, বিভিন্ন ব্যাংক ও এমএফএস অ্যাকাউন্ট থেকে ৯ লাখ ৮৬ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় পল্টন থানায় মামলা হলে সিআইডি রংপুর থেকে দুজনকে গ্রেপ্তার করে। তদন্তে একটি বিদেশি চক্রের সংশ্লিষ্টতার তথ্যও পাওয়া যায়।
একই ধরনের আরেকটি ঘটনা ঘটে গত ৮ নভেম্বর। ঢাকার একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের এক কর্মীর ফোন হঠাৎ স্বয়ংক্রিয়ভাবে রিসেট হয়ে যায়। ফোন মেরামতের পর তিনি জানতে পারেন, ইসলামী ব্যাংক ও পূবালী ব্যাংকের দুটি অ্যাকাউন্ট থেকে এনপিএসবি ও এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ৫ লাখ ৭০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।
এ ছাড়া ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্টের প্রলোভন দেখিয়ে এক গ্রাহকের কাছ থেকে ২ লাখ টাকা হাতিয়ে নেওয়া এবং একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে এক কর্মকর্তার কাছ থেকে ৫৫ হাজার টাকা আদায়ের ঘটনাও সামনে এসেছে।
যেভাবে ফাঁদে ফেলছে প্রতারকরা
সাইবার অপরাধীরা সাধারণত কয়েকটি কৌশলে স্মার্টফোন ব্যবহারকারীদের ফাঁদে ফেলে। এর মধ্যে অন্যতম হলো ফিশিং লিংক। ব্যাংক, ই-কমার্স প্রতিষ্ঠান কিংবা পরিচিত কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইটের আদলে নকল ওয়েবসাইট তৈরি করে গ্রাহকের কার্ডের তথ্য, পিন ও ওটিপি সংগ্রহ করে তারা।
আরেকটি কৌশল হলো স্মিশিং বা এসএমএস ফিশিং। কুরিয়ার ডেলিভারি, বিল পরিশোধ, পুরস্কার জেতা কিংবা সফটওয়্যার আপডেটের নামে মোবাইল ফোনে ভুয়া লিংক পাঠানো হয়। ব্যবহারকারী সেই লিংকে প্রবেশ করলেই ফোনে ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল হওয়ার ঝুঁকি তৈরি হয়।
এ ছাড়া ম্যালওয়্যার বা রিমোট অ্যাক্সেস ট্রোজানের মাধ্যমে ফোনের নিয়ন্ত্রণ নেওয়া হচ্ছে। ভুয়া অ্যাপ বা লিংকের সাহায্যে ফোনে ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করিয়ে অ্যাক্সেসিবিলিটি ও নোটিফিকেশন ব্যবহারের অনুমতি নেয় প্রতারকরা। অনেক ক্ষেত্রে অ্যানিডেস্ক (AnyDesk) ও টিমভিউয়ারের (TeamViewer) মতো রিমোট অ্যাক্সেস অ্যাপ ইনস্টল করিয়েও ফোনের নিয়ন্ত্রণ নেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা ধরনের প্রতারণা। ফেসবুকে অবিশ্বাস্য ছাড়ে পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। আবার হোয়াটসঅ্যাপ ও ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে পরিচিতজনদের কাছে জরুরি প্রয়োজনে টাকা চাওয়া হচ্ছে।
এদিকে গত এপ্রিল ও মে মাসে বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) ‘এরর ৫২’ নামের আন্তর্জাতিক স্মিশিং কার্যক্রম এবং ‘অ্যানিসিংক রট’ নামের ম্যালওয়্যার নিয়ে সতর্কতা জারি করেছিল। এসব প্রতারণায় অনলাইন জুয়ার প্রলোভন এবং বিকাশ, নগদ ও রকেটের আদলে তৈরি ভুয়া অ্যাপ ব্যবহার করে গ্রাহকের তথ্য চুরির চেষ্টা চালানো হয়।
এক বছরে ৯২ কোটি টাকার বেশি ক্ষতি
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম রিপোর্ট-২০২৫ অনুযায়ী, ওই বছর মোবাইল আর্থিক সেবা, চেক ও কার্ড লেনদেনে ৮১ হাজার ৪২৩টি জালিয়াতির ঘটনা শনাক্ত হয়। এসব ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ ৯২ কোটি ৬০ লাখ টাকার বেশি। এর মধ্যে প্রায় ৮২ কোটি ৭২ লাখ টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।
শুধু এমএফএস খাতেই ৮১ কোটি ৩২ লাখ টাকা খোয়া গেছে। এ অর্থের বিপরীতে উদ্ধারের হার ছিল মাত্র ৮ দশমিক ৭ শতাংশ।
অন্যদিকে সিআইডির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সাইবার অপরাধে ১৯১টি মামলা হয়েছে। এসব ঘটনায় ১০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক ১৭ দফা নির্দেশনা জারি করেছে। পাশাপাশি অনুমোদনহীন ৩১টি ঋণ অ্যাপের বিষয়ে সতর্ক করা হয়েছে। তবে প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া অর্থ উদ্ধারের ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের হাতে নেই। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা জরুরি।
সিআইডির মুখপাত্র মোহাম্মদ সফিউল্লাহ জানান, ডিজিটাল ফরেনসিক প্রযুক্তি ব্যবহার করে এবং ব্যাংকগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সাইবার অপরাধীদের শনাক্ত করার কাজ চলছে।
প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা প্রতারণা ঠেকাতে সন্দেহজনক লেনদেন দ্রুত স্থগিত করার ব্যবস্থা, শক্তিশালী গ্রাহক যাচাই এবং ব্যাংক, টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ও পুলিশের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন।
এ ক্ষেত্রে আন্তর্জাতিক উদাহরণ হিসেবে সিঙ্গাপুরের স্ক্যামশিল্ড অ্যাপ, ব্যাংকের মানি লক ব্যবস্থা এবং পুলিশের তাৎক্ষণিক লেনদেন স্থগিতের ক্ষমতার কথা উল্লেখ করা হয়েছে। এসব ব্যবস্থার মাধ্যমে চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে ৫০০টির বেশি প্রতারণা ঠেকিয়ে প্রায় ৩ কোটি ৭০ লাখ সিঙ্গাপুর ডলার সুরক্ষিত রাখা সম্ভব হয়েছে।
যেভাবে নিরাপদ রাখবেন স্মার্টফোন ও ব্যাংক অ্যাকাউন্ট
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পাশাপাশি ক্যাসপারস্কি ও ম্যাকঅ্যাফির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরামর্শ অনুযায়ী, প্রতারণা থেকে বাঁচতে কয়েকটি বিষয়ে সতর্ক থাকা জরুরি।
- এসএমএস, হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকে আসা সফটওয়্যার আপডেট, পুরস্কার বা বিশেষ ছাড়ের অপরিচিত লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে।
- গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর ছাড়া অন্য কোনো উৎস থেকে অ্যাপ কিংবা এপিকে (APK) ফাইল ইনস্টল করা যাবে না।
- অপরিচিত কারও পরামর্শে অ্যানিডেস্ক বা টিমভিউয়ারের মতো রিমোট অ্যাক্সেস অ্যাপ ইনস্টল করা যাবে না। অপ্রয়োজনীয় অ্যাক্সেসিবিলিটি ও নোটিফিকেশন পারমিশন দেওয়াও এড়িয়ে চলতে হবে।
- ব্যাংক অ্যাকাউন্টের পিন, পাসওয়ার্ড, কার্ডের তথ্য ও ওটিপি কখনো কারও সঙ্গে শেয়ার করা যাবে না।
- ব্যাংক অ্যাপ, ই-মেইল ও মোবাইল অপারেটরের অ্যাকাউন্টে ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি কিংবা টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখতে হবে।
- ফোনের অপারেটিং সিস্টেম ও অ্যাপ নিয়মিত হালনাগাদ করতে হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য ক্লাউড স্টোরেজে ব্যাকআপ রাখতে হবে।
- পাবলিক ওয়াই-ফাই ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজন হলে ভিপিএন ব্যবহার করতে হবে।
- মনে রাখতে হবে, ব্যাংক বা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান কখনোই ফোন করে গ্রাহকের পিন, ওটিপি জানতে চায় না কিংবা অপরিচিত লিংকে ক্লিক করে তথ্য হালনাগাদ করতে বলে না।
প্রতারণার শিকার হলে করণীয়
কোনো কারণে প্রতারণার শিকার হলে দেরি না করে সংশ্লিষ্ট ব্যাংক বা মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে। দ্রুত অ্যাকাউন্ট ও কার্ডের লেনদেন বন্ধ বা স্থগিত করার অনুরোধ জানাতে হবে। একই সঙ্গে থানায় অভিযোগ বা মামলা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে হবে।
বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল লেনদেন যত বাড়ছে, সাইবার অপরাধের ঝুঁকিও তত বাড়ছে। তাই শুধু পিন বা ওটিপি গোপন রাখলেই নিরাপদ থাকা যাবে না; স্মার্টফোনে কোন অ্যাপ ইনস্টল করা হচ্ছে, কোন লিংকে প্রবেশ করা হচ্ছে এবং কোন অ্যাপকে কী ধরনের অনুমতি দেওয়া হচ্ছে, সেদিকেও বাড়তি সতর্কতা প্রয়োজন।
সাজু/নিএ
সর্বশেষ খবর