সারা দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য তথ্য অন্তর্ভুক্তির কার্যক্রম শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর)। প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় অনলাইনে এ কার্যক্রম চলবে আগামী ১২ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত।
নতুন আবেদন ফরমে শিক্ষার্থী ও অভিভাবকের ব্যক্তিগত তথ্যের পাশাপাশি পরিবারের আয়-ব্যয়, জমির পরিমাণ, বসতঘর ও টয়লেটের ধরনসহ আর্থিক অবস্থা-সম্পর্কিত ৩০ ধরনের তথ্য চাওয়া হয়েছে। এ ছাড়া পরিবারে বীর মুক্তিযোদ্ধা বা জুলাইযোদ্ধা রয়েছেন কি না, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ার তথ্যও দিতে হবে।
মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্ত করা যাবে। এ কর্মসূচিতে ছাত্রীদের শতভাগ উপবৃত্তি দেওয়া হবে। অন্যদিকে, ছাত্রদের দারিদ্র্য ও মেধার ভিত্তিতে উপবৃত্তি এবং অন্যান্য আর্থিক সহায়তার জন্য নির্বাচন করা হবে।
ট্রাস্টের ওয়েবসাইটে (www.pmeat.gov.bd) সংশোধিত পাঁচ পৃষ্ঠার আবেদন ফরম পাওয়া যাচ্ছে। দেশের সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছেও ফরমটি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সংশোধিত ফরমের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ এবং সমন্বিত উপবৃত্তি কর্মসূচির তথ্য ব্যবস্থাপনা সফটওয়্যারে (এইচএসপি-এমআইএস) তা এন্ট্রি শুরু হবে।
ফরমে শিক্ষার্থীর নাম, ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর, জন্মতারিখ, লিঙ্গ ও বোর্ডের নিবন্ধন নম্বরসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য দিতে হবে। পাশাপাশি মা-বাবার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যও চাওয়া হয়েছে। অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা ও পেশা, পরিবারের বার্ষিক আয়-ব্যয়, জমির পরিমাণ, বসতঘর ও টয়লেটের ধরন এবং বাড়িতে থাকা বৈদ্যুতিক ও ইলেকট্রনিকস সামগ্রীর বিবরণও দিতে হবে।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর