• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ০৯:২১ সকাল

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

ফাইল ফটো

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জ্বালানিবাহী গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।

এ নিয়ে চলতি বছরে রাশিয়া থেকে আকাশপথে ঢাকায় আনা পারমাণবিক জ্বালানির মোট নয়টি চালান রূপপুর বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হলো। এর আগে কয়েক দফায় বিশেষ কার্গো বিমানে এসব জ্বালানি বাংলাদেশে আনা হয়। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে সেগুলো প্রকল্প এলাকায় পৌঁছানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সেনাবাহিনীর তত্ত্বাবধানে এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তায় ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুরে নেওয়া হয়। ঢাকা থেকে ঈশ্বরদী পর্যন্ত সড়কপথে নিরাপত্তা জোরদার করা হয়। গাড়িবহরের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিভিন্ন স্থানে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে। গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে ইউনিটটি গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়। টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর ২৪ নভেম্বর বিকেল ৫টা ৫ মিনিটে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

জাতীয় সঞ্চালন লাইন সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় প্রথম ইউনিট থেকে ধারাবাহিকভাবে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। এ সময়ে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক মূল্য ছিল ৭ কোটি ৬ লাখ টাকা।

বিদ্যুৎকেন্দ্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়ের চেয়ে বেশি, প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ অব্যাহত ছিল।

তাদের মতে, দ্বিতীয় দফায় সফলভাবে বিদ্যুৎ সরবরাহ রূপপুর প্রকল্পের পরিচালন সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। পরীক্ষামূলক সরবরাহ শেষে ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ সরবরাহের সময়কার বিভিন্ন পরিচালনগত প্যারামিটার, টারবাইন-জেনারেটর সিস্টেম এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও কর্মক্ষমতা বিশ্লেষণ করা হচ্ছে।

এসব বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পরিচালন কার্যক্রম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছিল।

প্রকল্প সূত্র জানায়, পরীক্ষামূলক পরিচালনার ধাপ সফলভাবে শেষ হওয়ার পর প্রথম ইউনিট থেকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। প্রকল্পের মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এর প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট; সব মিলিয়ে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]