চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পীরপুর ও টেইপুর গ্রামের মাঝামাঝি ঢেরা রাস্তার মোড়ে অবস্থিত কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১১টার দিকে মোবাইল ফোনে তিনি কার্যালয়ে আগুন দেওয়ার বিষয়টি জানতে পারেন। তাঁর অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ব্যানার ছিঁড়ে ফেলার পর সেখানে আগুন দিয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ ও সদর থানার ওসিকে প্রাথমিকভাবে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, তিনি ঘটনাস্থলে এসেছেন। তবে ঘটনার বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, ‘আপনি এসে দেখে যান। সঠিকটা আমিও দেখি, আপনিও দেখে যান।’ এ কথা বলেই তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর