• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ দুপুর

বদলে যাচ্ছে বিউটি ও পার্সোনালকেয়ার খাত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সাবান, শ্যাম্পু, ক্রিম কিংবা চুলের তেল- একসময় এসব পরিচিত পণ্য দিয়েই গড়ে উঠত বিউটি ও পার্সোনাল কেয়ার ব্র্যান্ডের পরিচিতি। এখন সেই পরিধি অনেক বিস্তৃত। ত্বক ও চুলের যত্নের পাশাপাশি মেকআপ, শিশুর পরিচর্যা এবং সৌন্দর্যচর্চার আনুষঙ্গিক পণ্যেও যুক্ত হচ্ছে নতুন নতুন ব্র্যান্ড। ভোক্তার চাহিদার পরিবর্তন এবং বাজারে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে পণ্যের বৈচিত্র্যও হয়ে উঠছে ব্র্যান্ডগুলোর গুরুত্বপূর্ণ কৌশল।

দেশের বাজারে পন্ডস, লাক্স, মেরিল, প্যারাস্যুট ও তিব্বতের মতো পরিচিত ব্র্যান্ডের পাশাপাশি রিমার্ক এইচবি লিমিটেডের লিলিও পণ্যসম্ভার বাড়িয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, লিলির অধীনে রয়েছে ৩৮টি ক্যাটাগরির পণ্য। একই তুলনায় প্যারাস্যুটের ১৯টি, মেরিলের ১৪টি, পন্ডসের ১৪টি এবং তিব্বতের সাতটি ক্যাটাগরির পণ্য রয়েছে।

এক ব্র্যান্ডে নানা ধরনের পণ্য:

লিলির পণ্যসম্ভারে স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ার, বেবি কেয়ার, কালার কসমেটিকস ও বিউটি অ্যাক্সেসরিজ রয়েছে। ত্বকের পরিচর্যায় ফেসওয়াশ, ফেসমাস্ক, সিরাম জেল, সুথিং জেল, ময়েশ্চারাইজিং লোশন, বিউটি ক্রিম, লিপবাম ও মাইসেলার ওয়াটার রয়েছে। চুলের যত্নে রয়েছে শ্যাম্পু, সিরাম অয়েল ও হেয়ার গ্রোথ অয়েল।

প্রসাধনী বিভাগে লিপস্টিক, লিপগ্লস, মাসকারা, আইলাইনার, কাজল, ফাউন্ডেশন, বিবি ক্রিম, কনসিলার, কমপ্যাক্ট পাউডার, ব্লাশ, কনট্যুর, আইশ্যাডো প্যালেট ও নেইলপলিশ বাজারজাত করছে ব্র্যান্ডটি।

শিশুদের জন্য রয়েছে ‘লিলি লিটল ওয়ান’ সিরিজ। এর মধ্যে রয়েছে বেবি লোশন, টপ-টু-টো ওয়াশ, বেবি পাউডার, শ্যাম্পু, বেবি অয়েল, বেবি ক্রিম, সানস্ক্রিন, মশা প্রতিরোধক ক্রিম ও টুথপেস্ট। সৌন্দর্যচর্চার আনুষঙ্গিক পণ্যের জন্য রয়েছে ‘এসেনশিয়ালস’ লাইন। এতে মেকআপ ব্রাশ, বিউটি ব্লেন্ডার, কটন প্যাড, ফলস ল্যাশ, ফেক নেইল, চিরুনি, হেয়ার ব্রাশ, শাওয়ার ক্যাপ, পাউচ ব্যাগ, ক্লিপ, স্ক্রাঞ্চি ও হেডর‌্যাপ রয়েছে।

অন্যদিকে স্কয়ার টয়লেট্রিজের মেরিলের পরিচিতি তৈরি হয়েছে পেট্রোলিয়াম জেলি দিয়ে। বর্তমানে সাবান, শাওয়ার জেল, পেট্রোলিয়াম জেলি, গ্লিসারিন, লিপ বাম ও শ্যাম্পুর পাশাপাশি শিশুদের জন্য বেবি লোশন, শ্যাম্পু, সোপ, পাউডার, টুথপেস্ট ও অলিভ অয়েল রয়েছে ব্র্যান্ডটির পণ্যসম্ভারে। ভোক্তার চাহিদা বিবেচনায় নতুন পণ্য যুক্ত করার পাশাপাশি প্রচলিত পণ্যের প্যাকেজিংয়েও পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি।

ইউনিলিভারের পন্ডস ত্বকের যত্নের পণ্য হিসেবে পরিচিত। ফেসওয়াশ, স্ক্রাব, কোল্ড ও ভ্যানিশিং ক্রিম, ময়েশ্চারাইজার, ডে-নাইট ক্রিম, ফেস সিরাম, সানস্ক্রিন, বিবি ক্রিম ও ট্যালকম পাউডার রয়েছে এর পণ্যসম্ভারে। পুরুষদের জন্য রয়েছে ‘পন্ডস মেন’ রেঞ্জ। ইউনিলিভারের আরেক ব্র্যান্ড লাক্স সাবান ও বডিওয়াশের মাধ্যমে বাথ ও বডি কেয়ার বাজারে অবস্থান তৈরি করেছে।

ম্যারিকোর প্যারাস্যুটের পরিচিতি মূলত নারকেল তেলভিত্তিক হেয়ার কেয়ার পণ্য দিয়ে। সময়ের সঙ্গে ব্র্যান্ডটির পণ্যসম্ভারে যুক্ত হয়েছে বিভিন্ন ধরনের হেয়ার অয়েল ও শ্যাম্পু। শিশুর যত্নে বেবি লোশন, বেবি অয়েল, বেবি সাবান, বেবি শ্যাম্পু ও টপ-টু-টো ওয়াশও রয়েছে।

কোহিনূর কেমিক্যালসের তিব্বত ব্র্যান্ডে রয়েছে তিব্বত স্নো, লাক্সারি সোপ, পেট্রোলিয়াম জেলি, গ্লিসারিন, পমেড, লিপ জেল, ট্যালকম ও প্রিকলি হিট পাউডার। চুলের যত্নে পাম্পকিন হেয়ার অয়েল, পুরুষদের পরিচর্যায় শেভিং ক্রিম ও চন্দন আতর এবং গৃহস্থালি পরিচর্যায় তিব্বত ৫৭০ সাবান, বল সাবান ও ডিটারজেন্ট পাউডার রয়েছে।

রিমার্ক-হারল্যান গ্রুপের হারল্যানের হেড অব মার্কেটিং হাবিবুল্লাহ আল হাবিব বলেন, ‘একটি ব্র্যান্ডের একাধিক ক্যাটাগরিতে পণ্য থাকা তার সক্ষমতার বহিঃপ্রকাশ। ভোক্তাদের আস্থা ও চাহিদাকে গুরুত্ব দিয়েই লিলির পণ্যসম্ভার সম্প্রসারণ করা হচ্ছে। রিমার্কের অন্যান্য ব্র্যান্ডের তুলনায় লিলি দ্রুত ভোক্তাদের আস্থা অর্জন করেছে। পণ্যের ফর্মুলেশন, প্যাকেজিং ও গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি বাজার নিয়মিত পর্যবেক্ষণ এবং নকল পণ্য প্রতিরোধেও নজরদারি করা হচ্ছে। দেশের বাজারে আস্থা তৈরির ধারাবাহিকতায় লিলির পণ্য আন্তর্জাতিক বাজারেও রপ্তানি হচ্ছে, যা দেশীয় ব্র্যান্ডের সক্ষমতাকে বিশ্ববাজারে তুলে ধরছে।’

স্কয়ারের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান বলেন, ‘মেরিলের যাত্রা শুরু হয়েছিল পেট্রোলিয়াম জেলি দিয়ে। এরপর গ্রাহকের আস্থা, ভালোবাসা ও গ্রহণযোগ্যতার মাধ্যমে ধীরে ধীরে ব্র্যান্ডটি বর্তমান অবস্থানে পৌঁছেছে। একটি ব্র্যান্ডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দীর্ঘ সময় ধরে পণ্যের মান ধরে রাখা এবং ভোক্তার প্রত্যাশা পূরণ করা। সেই ধারাবাহিকতা থাকলেই নতুন ক্যাটাগরিতে সম্প্রসারণ সম্ভব হয়।’

তিনি আরও বলেন, বিদেশি ব্র্যান্ডের নকল পণ্য নিয়ে মানুষ এখনই অস্বস্তিতে। ভবিষ্যতে এ সমস্যা আরও বাড়তে পারে। এ পরিস্থিতিতে দেশীয় উৎপাদনকারী ব্র্যান্ডগুলোর সামনে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। অন্য প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

দেশীয় শিল্পের সামনে সম্ভাবনা

এএসবিএমইবির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বলেন, ‘বাংলাদেশের কোনো ব্র্যান্ডকে লিলির মতো এত দ্রুত এতগুলো ক্যাটাগরিতে পণ্য সম্প্রসারণ করতে দেখা যায়নি। পণ্যের মান, প্যাকেজিং, ফর্মুলেশন ও সুগন্ধে নতুনত্ব আনার ক্ষেত্রে লিলির প্রচেষ্টা প্রশংসনীয়। আগে এ ধরনের উদ্যোগ মূলত বিদেশি ব্র্যান্ডগুলোর মধ্যে দেখা যেত। পর্যাপ্ত প্রযুক্তিগত সুবিধা পেলে দেশীয় প্রতিষ্ঠানও যে এমন সক্ষমতা অর্জন করতে পারে, লিলি তার একটি উদাহরণ।’

অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষক সৈয়দ আহসানুল আলম পারভেজ বলেন, ‘বাংলাদেশে একসময় বিউটি ও পার্সোনাল কেয়ার খাতে দেশীয় ব্র্যান্ডগুলোর উপস্থিতি সীমিত ছিল। এখন পরিস্থিতি বদলেছে। দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদিত হচ্ছে এবং অনেক ক্ষেত্রে বৈশ্বিক ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতার সুযোগ তৈরি হয়েছে।’ তাঁর মতে, নতুন ক্যাটাগরিতে দেশীয় ব্র্যান্ডের সম্প্রসারণ আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি স্থানীয় শিল্পভিত্তি শক্তিশালী করতে পারে।

ব্র্যান্ড ফোরাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, ‘একটি ব্র্যান্ড তার গ্রাহকদের কাছে প্রতিশ্রুতি দেয়। যারা দীর্ঘ সময় ধরে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারে, তারাই বড় হয়। একটি ব্র্যান্ড একদিনে তৈরি হয় না। আস্থা, সেবা ও মান ধরে রাখার পরই নতুন ক্যাটাগরিতে সফলভাবে প্রবেশ করা সম্ভব। এতে কর্মসংস্থান বাড়ে, শিল্পখাত শক্তিশালী হয় এবং ভোক্তারাও উপকৃত হন।’

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ব্র্যান্ডের দীর্ঘস্থায়িত্ব ও বৈচিত্র্য গুরুত্বপূর্ণ। এ ধরনের ব্র্যান্ডকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, পণ্যের বৈচিত্র্য বাড়ার ফলে দেশীয় ব্র্যান্ডগুলোর জন্য নতুন বাজার তৈরির সুযোগ তৈরি হচ্ছে। তবে নতুন পণ্য বাজারে আনাই যথেষ্ট নয়। পণ্যের মান, ধারাবাহিক সরবরাহ এবং ভোক্তার আস্থা ধরে রাখতে পারলেই এ সম্প্রসারণ দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]