• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৪ সেকেন্ড পূর্বে
বারিউল আলম শান্ত
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০২:৩০ দুপুর

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ কেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, গুলিবর্ষণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে পরপর দুই দিন পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বাড়ছে। সর্বশেষ শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ (খড়খড়ি) বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা চালায় ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত।

এ সময় তারা কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ ও তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়ে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পরপর দুই দিনের এ ঘটনায় রাতে দায়িত্ব পালনকারী কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার রাত দুইটার দিকে মতিহার থানার খড়খড়ি এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্র (অভিযোগ কেন্দ্র) কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত কার্যালয়ে ঢুকে গানপাউডার ছিটিয়ে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং তিন রাউন্ড গুলি ছোড়ে। হামলার পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয় এবং চারটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করে। হামলায় উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। সেখানে দায়িত্বরত লাইনম্যান ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বর্তমানে ওই উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল। তিনি জানান, আগের দিনের ঘটনার পর কার্যালয়ের নিরাপত্তা জোরদারে উদ্যোগ নেওয়া হয়েছিল। থানায় এফআইআর করা হয়েছে এবং নিজস্ব নিরাপত্তার জন্য লোকবল বাড়ানো হয়েছে। প্রথম দিন দুজন কর্মী দায়িত্বে থাকলেও পরদিন চারজনকে দায়িত্ব দেওয়া হয়। পুলিশ প্রশাসনকেও নিরাপত্তা ও টহল বাড়ানোর অনুরোধ জানানো হয়েছিল।

নিরাপত্তা জোরদারের বিষয়ে সপ্তর্ষি পাল বলেন, “আগের দিনও একই ধরনের ঘটনা ঘটেছিল। এরপর আমরা নিরাপত্তার বিষয়ে সচেতন হয়েছি এবং থানায় এফআইআর করেছি। প্রথম দিন দুজন নিজস্ব লোকবল রাখা হয়েছিল, পরদিন তা বাড়িয়ে চারজন করা হয়। পুলিশ প্রশাসনকেও ডিউটি বাড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছিল। ঘটনার সময় আমাদের লোকজন পাহারায় ছিলেন। পুলিশকে খবর দেওয়ার পর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এরপরও দুর্বৃত্তরা খুব অল্প সময়ের মধ্যে হামলা চালিয়ে পালিয়ে যায়।” নওহাটা সদর দপ্তরের লাইনম্যান মনির বলেন, পরপর দুই দিন হামলার ঘটনায় কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কার্যালয়ে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং হামলাকারীদের মুখ বাঁধা ছিল বলে জানা গেছে। তিনি বলেন, “খড়খড়ি কার্যালয়ে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত ঢুকে পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে আমাদের স্টাফরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান। আগের দিনও হামলার ঘটনা ঘটেছে। পরপর দুই দিন এমন পরিস্থিতিতে কাজ করা কঠিন হয়ে পড়েছে। আমরা এখন নিরাপদ বোধ করছি না। এভাবে দায়িত্ব পালন করতে গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।”

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রথম দিন পেট্রোল বোমা ছোড়া হয়েছিল। কিন্তু আগুন লাগেনি। এ জন্য দ্বিতীয় দিন আবার হামলা করা হয়েছে। সেখানে একটি পেট্রোল বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। বিস্ফোরণের কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এ নিয়ে থানায় মামলা হবে বলেও জানান ওসি।

সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, বিদ্যুৎ সরবরাহের মতো গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠানে পরপর দুই দিন হামলার ঘটনায় তাঁদের কর্মপরিবেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। রাতে দায়িত্ব পালন করতে গিয়ে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় পল্লী বিদ্যুৎ কার্যালয় ও উপকেন্দ্রগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা, পর্যাপ্ত পুলিশি পাহারা এবং নিয়মিত টহল জোরদারের দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]