• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০৭:৫৯ বিকাল

বীমা খাতে হাত দিতেই বাধা দিচ্ছেন প্রভাবশালীরা: অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত

বীমা খাতে সংস্কারের উদ্যোগ নিতে গিয়ে প্রভাবশালীদের বাধার মুখে পড়ার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে খাতটির সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালীরা নানা অতিরিক্ত সুবিধা নিয়ে আসছেন। তাই সংস্কারের উদ্যোগ নিতেই তাঁরা বাধা দিচ্ছেন।

শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে বীমা, ব্যাংকিং ব্যবস্থা, কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, ব্যাংকিং ব্যবস্থা যে অবস্থায় পৌঁছেছে, বীমা খাতের অবস্থাও একই রকম। বীমা খাতে কাজ শুরু করতে গিয়ে তিনি দেখেছেন, কোম্পানিগুলো নানা অনিয়ম করেছে। গ্রাহকদের দাবি পরিশোধ করা হচ্ছে না, অথচ কোম্পানিগুলো নিজেদের নামে সম্পত্তি কিনছে এবং বিভিন্ন জায়গায় বিনিয়োগ করছে।

তিনি বলেন, কোম্পানিগুলো ব্যক্তিগতভাবেও বিনিয়োগ করছে, আবার বীমার অর্থও বিনিয়োগ করছে। সব মিলিয়ে খাতটির অবস্থা ভালো নয়।

বীমা খাতের অনিয়মের উদাহরণ দিয়ে অর্থমন্ত্রী বলেন, একটি আমদানি চালানের বিপরীতে ২০ লাখ টাকা প্রিমিয়াম পাওয়ার কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। অথচ বীমা সুরক্ষা ব্যবহার করেই পণ্য আমদানি করা হয়েছে।

তিনি আরও বলেন, পণ্য দেশে আসার পরও প্রিমিয়াম জমা না দেওয়ার ঘটনা ঘটছে। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, বীমা কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামগ্রিক আর্থিক ব্যবস্থায় অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, এসব বিষয়ে কাজ করতে গিয়ে নানা সমস্যা সামনে আসছে। শুধু বীমা খাত নয়, ব্যাক-টু-ব্যাক এলসিসহ বিভিন্ন ক্ষেত্রেও তথ্যের সমন্বয় ও স্বচ্ছতার ঘাটতি রয়েছে। এসব সমস্যা দূর করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে একই ব্যবস্থার আওতায় আনতে হবে।

সংস্কার কার্যক্রমে অংশীজনদের সঙ্গে আলোচনার ওপর গুরুত্ব দিয়ে আমির খসরু বলেন, প্রধানমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তিনি নিজেও এ বিষয়ে কাজ করছেন। যেকোনো প্রক্রিয়া অংশীজনদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে এগিয়ে নিতে চান তাঁরা।

ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার সংস্কার করতে প্রস্তুত এবং প্রয়োজনে ‘বেদনাদায়ক’ সিদ্ধান্তও নিতে রাজি। দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও মানুষের কল্যাণ নিশ্চিত হলে রাজনৈতিক সরকারের দায়িত্ব হলো এমন সিদ্ধান্ত নেওয়া।

কাস্টমস ও এনবিআরের কার্যক্রম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, জাপান ও কোরিয়াসহ বিভিন্ন দেশে সফরের সময় এনবিআরের বিষয়টি বারবার সামনে এসেছে। তাই শুধু এনবিআর নয়, সব খাতের সংস্কারেই অংশীজনদের মতামত ও সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, সরকার সংস্কারে যতই সক্রিয় থাকুক, অংশীজনেরা এগিয়ে না এলে তা সফল হবে না। এ জন্য ব্যবসায়ীদের নিজেদের মতামত তুলে ধরার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, নতুন ‘বার্তা’ প্ল্যাটফর্মটি উচ্চমাত্রার সাইবার নিরাপত্তা নিশ্চিত করে তৈরি করা হয়েছে। চালুর আগে এর নিরাপত্তা ও কার্যকারিতা বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে। এ সময় ব্যবসায়ী ও ব্যাংকারদের প্ল্যাটফর্মটি ব্যবহারের আহ্বান জানান তিনি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]